আন্তর্জাতিক ডেস্ক।।
মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে একটি নতুন অধ্যায় রচিত হচ্ছে বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি। পার্সিয়ান গাল্ফ ডে বা পারস্য উপসাগরীয় দিবস উপলক্ষ্যে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) প্রকাশিত এক লিখিত বার্তায় তিনি এ মন্তব্য করেন। খবর বিবিসির।
ইরানের সর্বোচ্চ নেতা বলেছেন, তেহরান 'নৌপথের শত্রু'কে নির্মূল করবে এবং উপসাগরীয় অঞ্চলকে সুরক্ষিত করবে।
হরমুজ প্রণালিতে নতুন বিধি-বিধান ও ব্যবস্থাপনা 'শান্তি ও অগ্রগতির' পাশাপাশি সকল উপসাগরীয় রাষ্ট্রের জন্য 'অর্থনৈতিক সুবিধাও' বয়ে আনবে বলে মোজতবা খামেনির বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। তবে এ বিষয়ে আর বিস্তারিত কিছু বলা হয়নি বিবৃতিতে।
উল্লেখ্য, আরব সাগর ও পারস্য উপসাগরকে সংযুক্তকারী ১৬৭ কিলোমিটার দীর্ঘ হরমুজ প্রণালি বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্য জলপথগুলোর একটি। এই জলপথ দিয়ে বিশ্বের এক-পঞ্চমাংশ জ্বালানি পরিবহন করা হয়।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধ শুরুর পর হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল বন্ধ করে দেয় ইরান। পরে দেশটির সরকার জানায়, হরমুজ দিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সম্পর্কিত জাহাজ চলাচল করতে দেখলেই হামলা চালানো হবে।
এর কয়েক দিন পর তেহরানের পক্ষ থেকে ফের বলা হয়- হরমুজ দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল করতে পারবে, তবে সেক্ষেত্রে জাহাজগুলোকে ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভ্যুলুশনারি গার্ড কোরের অনুমতি নিতে হবে এবং ‘প্রতি ব্যারেল তেলের জন্য ১ ডলার’ হিসাবে টোল দিতে হবে।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com