
সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কোনো আইনই মানছে না; নৈতিক ও মানবাধিকারের সব রীতিনীতি ভঙ্গ করে মারণাস্ত্র প্রয়োগে বাংলাদেশিদের হত্যা করছে। সীমান্তে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার বন্ধের কোনো প্রতিশ্রুতিই রক্ষা করছে না ভারত। গত বৃহস্পতিবার রাতেও ফেনীর পরশুরামে দুই বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা করেছে বিএসএফ। পাশাপাশি বিএসএফ কর্তৃক অপহরণের সংখ্যাও উদ্বেগজনক হারে বাড়ছে। চলতি বছরের গত সাড়ে ছয় মাসে সীমান্তে ১৭ জন বাংলাদেশিকে হত্যা করেছে বিএসএফ। এসব হত্যাকা-ের ৯৫ শতাংশই সরাসরি গুলি চালিয়ে, অবশিষ্ট ৫ শতাংশকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এসব কা-ে সীমান্তবর্তী বাংলাদেশিদের মধ্যে দিন দিন বাড়ছে আতঙ্ক। বিশিষ্টজনদের পরামর্শ- সীমান্তে এহেন অনৈতিক, অমানবিক হত্যাকা- বন্ধে জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থার শরণাপন্ন হতে হবে।
সংশ্লিষ্টরা বলছেন, ২০১১ সালে বিএসএফের গুলিতে ফেলানী হত্যার মতো নিন্দিত কা-ের পর বাংলাদেশের দাবির মুখে ২০১৪ সালে দিল্লিতে বিএসএফ ও বিজিবির মহাপরিচালক পর্যায়ের বৈঠকে বাংলাদেশ-ভারত সীমান্তে হত্যা শূন্যে নামিয়ে আনার বিষয়ে সমঝোতা হয়। অবৈধ অনুপ্রবেশের ঘটনায় প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার না করার বিষয়ে ২০১৮ সালের এপ্রিলে দুদেশের মধ্যে একটি চুক্তিও স্বাক্ষর হয়। এসব বিষয়ে দুই দেশই প্রতিশ্রুতিবদ্ধ হয়। কিন্তু সেই প্রতিশ্রুতিই সার। থামেনি প্রাণঘাতী অস্ত্রের প্রয়োগ, থামেনি হত্যা।
বিশ্লেষকরা বলছেন, বিএসএফ এখনও ভারী আগ্নেয়াস্ত্র ও স্বয়ংক্রিয় রাইফেলে টার্গেট করছে সাধারণ কৃষক, গরু ব্যবসায়ী, এমনকি নিরীহ পথচারীকেও। ফলে সীমান্তবর্তী এলাকায় বিরাজ করছে আতঙ্ক; ব্যাহত হচ্ছে কৃষিকাজ ও স্বাভাবিক জীবনযাপন। সার্বিক পরিস্থিতি বিবেচনায় সীমান্তে হত্যা বন্ধ
করতে হলে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে চাপ তৈরি করতে হবে। জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থার শরণাপন্ন হতে হবে বাংলাদেশকে।
মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের পরিসংখ্যান বলছে, গত সাড়ে ৬ মাসে সীমান্তে বিএসএফ ১৭ জনকে হত্যা করেছে। এর মধ্যে ১২ জনকে গুলি করে হত্যা করা হয়েছে। পাঁচজনকে ধরে নেওয়ার পর নির্যাতন করে মেরে ফেলা হয়েছে। এ সময়কালে বিএসএফের গুলি ও নির্যাতনে ২৯ জন বাংলাদেশি গুরুতর আহত হন। এ ছাড়া বিএসএফ ২০১৫ সাল থেকে গত দশ বছরে সীমান্তে অন্তত ৩১০ জন বাংলাদেশিকে হত্যা করেছে। এর মধ্যে বিএসএফের গুলিতেই নিহত হয় প্রায় ৯৫ শতাংশ বাংলাদেশি। বাকি ৫ শতাংশের মৃত্যু হয় নির্যাতনে।
গত বৃহস্পতিবার দিবাগত রাতে ফেনীর পরশুরামে বিএসএফের গুলিতে দুজন নিহত হয়েছেন। তারা হলেন- পরশুরাম পৌরসভার বাসপদুয়া এলাকার গাছি মিয়ার ছেলে লিটন (৩২) ও একই এলাকার ইউছুফ মিয়ার ছেলে মিল্লাত হোসেন (২১)। বিজিবি ৪ ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, বাংলাদেশের দুই নাগরিককে হত্যার ঘটনায় বিজিবির পক্ষ থেকে বিএসএফকে প্রতিবাদলিপি পাঠানো হবে। কোনো অবস্থাতেই সীমান্তে এ রকম গুলিবর্ষণ কাম্য নয়।
ভারতীয় মানবাধিকার কর্মী এবং বাংলার মানবাধিকার সুরক্ষা মঞ্চের (মাসুম) প্রধান কিরীটি রায় আমাদের সময়কে বলেন, বাংলাদেশি মানবাধিকার সংগঠনগুলো থেকে মানুষ মারা যাওয়ার সংখ্যা যা আমরা পাচ্ছি, আসল সংখ্যা তার চেয়ে অনেক বেশি। বিএসএফের গুলিতে অনেক ভারতবাসীও মারা যান। সীমান্তে নিহতদের মধ্যে ৮০ শতাংশ ভারতীয় এবং ২০ শতাংশ বাংলাদেশি। তিনি বলেন, মনমোহন সিং থেকে নরেন্দ্র মোদি পর্যন্ত সবাই সীমান্তে হত্যা বন্ধের বিষয়ে বলেছেন। এখন গুলি চালিয়ে যদি সাজা না হয়, তা হলে এমন ঘটনা তো চলতেই থাকবে। আমরা বিভিন্ন হত্যার (সীমান্তে) ঘটনায় বিচার চেয়েও বিচার পাইনি।
কিরীটি রায় বলছেন, এসব ঘটনায় দুই দেশের মানুষের মধ্যে মারাত্মক প্রতিক্রিয়া হয়। এখন এসব হত্যাকা- বন্ধ হওয়া উচিত। পাচারচক্র ঠেকাতে বিজিবির আরও বেশি গার্ড দেওয়া উচিত যেন বাংলাদেশ থেকে ভারতে মানুষ না আসে (অবৈধভাবে)। বিএসএফের উচিত কাঁটাতারের ভারতের প্রান্তে গার্ড দেওয়া। কাঁটাতারের ওপারে (বাংলাদেশ সীমান্তে) কি হচ্ছে, সেটা বিএসএফের দেখার বিষয় না। যদি কেউ কাঁটাতার ভেদ করে আসে, তা হলে গুলি না চালিয়ে তাকে জেলে ভরা। তিনি বলেন, এটা বিশাল টাকা-পয়সার চক্র। কখনও কখনও টাকা-পয়সায় নত হয়, কখনও কেউ সাধু সাজার জন্য গুলি চালিয়ে দেখায় কঠোরভাবে আইন প্রয়োগ করা হচ্ছে।
পুশইনের বিষয়ে কিরীটি রায় বলেন, আমাদের এখান থেকে যে পুশব্যাক করা হচ্ছে সেটা ভারতীয় সংবিধান ও আইনের বিরুদ্ধে। রাষ্ট্রপতি, লোকসভা ও ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের কাছে আমরা লিখেছি- ভারতবাসী বাংলায় কথা বললেই ওখানে (বাংলাদেশে) পাঠিয়ে দেওয়া হচ্ছে। কাউকে পাঠাতে হলে আদালতে অভিযোগ এনে প্রমাণ হলে তার পরই পাঠাতে হবে। যেটা হচ্ছে, সেটা সম্পূর্ণ বেআইনি।
সীমান্তের বাসিন্দারা বলছেন, বাংলা ভাষাভাষী মানুষকে ভারত সীমান্তের বিভিন্ন এলাকা দিয়ে বাংলাদেশে ঠেলে দিচ্ছে (পুশইন) বিএসএফ। আবার এর মধ্যেই বিএসএফের গুলি, নির্যাতনের ঘটনায় সীমান্ত এলাকার বাসিন্দাদের মাঝে ক্ষোভ বাড়ছে। সেই সঙ্গে বাড়ছে আতঙ্কও। ভুক্তভোগীরা বলছেন, বাংলাদেশ ছাড়াও আরও অর্ধডজন দেশের সঙ্গে ভারতের সীমান্ত রয়েছে। সেসব সীমান্তে বিএসএফ গুলি করে এভাবে মানুষ হত্যা করে না। শুধু বাংলাদেশ-ভারত সীমান্তেই নির্বিচারে হত্যাকা- চলছে। রাষ্ট্রীয়ভাবে শক্ত জবাব দিতে না পারার কারণেই বাংলাদেশের মানুষকে সীমান্তে এভাবে নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করা হচ্ছে।
আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ইমতিয়াজ আহমেদ গতকাল আমাদের সময়কে বলেন, সীমান্তে বিএসএফের এমন হত্যাকা- শুধু আন্তর্জাতিক আইনই নয়, ভারতের আইনেরও বিপক্ষে। এখন বাংলাদেশের মানবাধিকারকর্মীদের আলোচনা করতে হবে ভারতের মানবাধিকারকর্মীদের সঙ্গে। ভারতের জনগণই বিএসএফের এমন অন্যায় থামাতে পারে। তিনি বলেন, জনগণকে জাগাতে হবে। আমরা জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থার কাছে নালিশ করতে পারি। কিন্তু এসব সংস্থা চোরাচালান বলে বিষয়টি এড়িয়ে যেতে পারে; দ্বিপক্ষীয় বিষয় বলেও এড়িয়ে যেতে পারে। ভারতের জনগণই একমাত্র পারে এমন মানবাধিকার লঙ্ঘন বন্ধ করতে।
সীমান্ত এলাকার মানুষ জানিয়েছে, তারা নানা রকম কাজে বা প্রয়োজনে জিরো-লাইনের আশপাশে যান। অথচ বিএসএফ ওপার থেকে বিনা উসকানিতেই শুধু সন্দেহের বশে চোরাচালানি কিংবা মাদক কারবারি অভিযোগ তুলে গুলি চালায়। তারা বলছেন, সীমান্ত অতিক্রম করলে বা সন্দেহভাজন মনে হলে আটক করতে পারে। কিন্তু এভাবে গুলি করে মেরে ফেলায় তারা চরম আতঙ্কে থাকেন।
মানবাধিকারকর্মী নূর খান লিটন বলেন, বিএসএফ বারবার চোরাচালানের কথা বলে। সেটা সত্য ধরে নিলেও চোরাচালানের শাস্তি তো গুলি করে হত্যা হতে পারে না। সীমান্তে হত্যা কমিয়ে আনতে ভারতকে আন্তর্জাতিক চাপে ফেলতে হবে। জাতিসংঘের শরণাপন্ন হতে হবে আমাদের।
বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের নাগরিকরা যাতে অবৈধভাবে সীমান্ত পারাপারের চেষ্টা না করে, সেদিকে বিজিবিকে কঠোর নজরদারি করতে হবে। অন্যদিকে প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার থেকে বিরত থাকতে হবে বিএসএফের। সীমান্তে কোনো ব্যক্তি নিহত হলে দ্রুত তদন্ত ও বিচার নিশ্চিত করতে হবে। বিজিবি সদস্যদের প্রশিক্ষণ ও নৈতিক দায়িত্ববোধ বাড়াতে হবে। একইভাবে বিএসএফ সদস্যদের মানবিক আচরণ নিশ্চিত করতে ভারত সরকারকে চাপ দিতে হবে।
বিএসএফের গুলিতে বাংলাদেশি হত্যার বিষয়টি আন্তর্জাতিক আদালতে নিয়ে যাওয়ার বিষয়ে সম্প্রতি দাবি তুলেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। পররাষ্ট্র মন্ত্রণালয় ও পররাষ্ট্রনীতি এখন পর্যন্ত সীমান্ত হত্যা বন্ধে যথাযথ পদক্ষেপ নিতে ব্যর্থ উল্লেখ করে দলটির দাবি রাষ্ট্রের তরফ থেকে সীমান্তবর্তী সব জেলার নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com