
ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি : ফকিরহাটে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে ফকিরহাট মডেল থানা পুলিশ।
পুলিশ জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার সময় ফকিরহাট উপজেলার লখপুর পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে সামনে খুলনা-মোংলা মহাসড়কের পাশে একদল ডাকাত ডাকাতির জন্য পিকআপ ভ্যানসহ অবস্থান নেয়। সংবাদ পেয়ে ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আলমগীর কবির পুলিশের একটি দলকে ঘটনাস্থলে পাঠান। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পিকআপ রেখে দৌঁড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশ তাদের পিছু নিয়ে ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করে। পরে তাদের পিকআপ ভ্যান তল্লাশী করে ডাকাতির কাজে ব্যবহৃত বার্মিজ চাকু, চাপাতি, হাইড্রোলিক কাটার, বড় ছুরি, সাবল ইত্যাদি জব্দ করেন।
গ্রেপ্তারকৃতরা হলো, ফকিরহাট উপজেলার পিলজংগ গ্রামের ইউনুস আকনের ছেলে এমদাদুল আকন (৩২), বাগেরহাট সদর উপজেলার মৃত খোকন শেখের ছেলে রবিউল শেখ (২৮), খুলনার লবণচরা এলাকার বাবর আলী গাজীর ছেলে নাজমুল হোসেন বাপ্পী (২২), রূপসা উপজেলার রামনগর এলাকার ইসাহাক শেখের ছেলে শহীদুল শেখ (৪০) ও একই এলাকার আবু তালেব শেখের ছেলে মাসুদ শেখ (২৮)।
ফকিরহাট মডেল থানার পুলিশের উপ পরিদর্শক (এসআই) আশিক রেজা জানান, গ্রেপ্তারকৃতরা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তাদের নামে বিভিন্ন থানায় একাধিক চুরি ও ডাকাতির মামলা রয়েছে। ডাকাতরা লখপুর এলাকায় ডাকাতির জন্য প্রস্তুতি নিচ্ছিল বলে আটককৃতরা পুলিশের কাছে স্বীকার করেছে। এ ব্যাপারে গ্রেপ্তারকৃত পাঁচজনসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করে ফকিরহাট মডেল থানায় একটি মামলা হয়েছে।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্র্তা (ওসি) এসএম আলমগীর কবির বলেন, আন্তঃজেলা ডাকাত দলের আটক পাঁচ সদস্যকে আদালতের মাধ্যমে জেলে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com