অনলাইন ডেস্ক।।
ফরিদপুরের মধ্য পুঙ্গলিতে দুই পক্ষের সংঘর্ষে গাজ্জালী মুন্সি (৫০) নিহত, অন্তত ২০ জন আহত। ছুরি ও দেশীয় অস্ত্র ব্যবহার, পুলিশ পরিস্
ফরিদপুর উপজেলার মধ্য পুঙ্গলি গ্রামে দুই পক্ষের সংঘর্ষে গাজ্জালী মুন্সি (৫০) নামে এক ব্যক্তি মারা গেছেন। শুক্রবার (২৪ অক্টোবর) রাত ৩টার দিকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি প্রাণ হারান।
মৃত গাজ্জালী মুন্সি ওই গ্রামের রমজান মুন্সির ছেলে এবং স্থানীয় একজন প্রভাবশালী মাতব্বর ছিলেন। সংঘর্ষের ঘটনায় বৃহস্পতিবার (২৩ অক্টোবর) আরও ২০ জন আহত হন, যাদের মধ্যে গুরুতর অবস্থার দু’জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। সংঘর্ষে উভয় পক্ষ ছুরি, হাঁসুয়া এবং অন্যান্য দেশীয় অস্ত্র ব্যবহার করে একে অপরের ওপর হামলা চালায়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত বছর ঈদুল আজহায় ঈদের নামাজের সময় চেয়ার বসার বিষয় নিয়ে হাজীগোষ্ঠী ও বাদশাগোষ্ঠীর মধ্যে বিবাদ শুরু হয়। এরপর গ্রামে আধিপত্য বিস্তার ও অভ্যন্তরীণ কোন্দলকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ চলমান ছিল। এই বিবাদের জের ধরে বৃহস্পতিবার দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়, যা কয়েক ঘণ্টা ধরে চলে এবং গ্রামের অন্যান্যরাও এতে অংশগ্রহণ করে।
সংঘর্ষে গাজ্জালী মুন্সির সঙ্গে আবু হেনা মোস্তফা কামাল ও শওকত গুরুতর জখম হন। তাদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলেও পরে রাজশাহীতে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়। গাজ্জালী মুন্সি সেখানে মারা যান, আর আবু হেনা মোস্তফা কামাল ও শওকতকে মুমূর্ষু অবস্থায় ঢাকায় স্থানান্তর করা হয়। এছাড়া রবি প্রামাণিক, গিয়াস উদ্দিন, হালিম মুন্সি, মুস্তাকিন মুন্সি, আল-আমিন, হবিবর প্রামাণিক ও ভুলু প্রামাণিকসহ কয়েকজনের অবস্থা গুরুতর। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ফরিদপুর থানার ওসি শাকিউল আজম বলেন, দুই পক্ষের সংঘর্ষে গুরুতর আহত গাজ্জালী মুন্সি মারা গেছেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য নেওয়া হচ্ছে। পরিস্থিতি শান্ত রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার তদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com