নিজস্ব প্রতিবেদক।।
৩ আগস্ট শনিবার রাতে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর ব্যানারে চুয়াডাঙ্গার শিক্ষার্থীরা সরকার পতনের এক দফা দাবিতে সর্বাত্মক অসহযোগ কর্মসূচির আহ্বান জানায়। এই ঘোষণার পর থেকেই চুয়াডাঙ্গার পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সারাদেশের মতো চুয়াডাঙ্গাতেও ৪ আগস্ট রোববার সন্ধ্যা ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করে জেলা প্রশাসন।
দিনভর চুয়াডাঙ্গা শহর ও আশপাশের এলাকায় উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করে। জেলা সদর থেকে শুরু করে উপজেলা ও হাট-বাজারগুলোতে শিক্ষার্থীদের সঙ্গে সাধারণ মানুষও আন্দোলনে যোগ দেন। কোথাও কোথাও বিক্ষোভ মিছিলে বাধার মুখে পড়তে হয় আন্দোলনকারীদের।
সকালে ভালাইপুর বাজারে চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা যান চলাচল বন্ধ করে দেয়। একই সময়ে শহরের কোর্টমোড়ে বিক্ষোভের চেষ্টা করলে ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের বাধার মুখে পড়ে তারা। দর্শনা শহরের বাসস্ট্যান্ড এলাকায় মিছিল করতে গিয়েও হামলার শিকার হন আন্দোলনকারীরা। বদরগঞ্জ, জীবননগর ও আলমডাঙ্গাতেও শিক্ষার্থীরা সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচি পালন করে।
রোববার সকাল সাড়ে ১০টায় ভালাইপুর বাজারে অবরোধ চলাকালে আন্দোলনকারীরা ঘোষণা দেয়—দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে এবং কোনো বাধা আসলে প্রতিরোধ গড়ে তোলা হবে।
অপরদিকে, সরকার সমর্থক দল ও সহযোগী সংগঠনগুলোর নেতা-কর্মীরাও পাল্টা কর্মসূচি পালন করে। জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বড় বাজারে প্রতিবাদ সভা করে। সভায় বক্তারা দাবি করেন—প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যে শিক্ষার্থীদের সব দাবি মেনে নিয়েছেন, তাই এই আন্দোলনের যৌক্তিকতা নেই।
দর্শনায় বেলা ১১টায় প্রেসক্লাবের সামনে শিক্ষার্থীরা মানববন্ধন, বিক্ষোভ ও অবস্থান ধর্মঘট পালন করে। অবস্থান চলাকালে হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় অন্তত তিনজন আহত হন।
বিকেলের দিকে শহরের বড় বাজার, কোর্ট রোড, পুরাতন হাসপাতাল রোডসহ বিভিন্ন এলাকার দোকানপাট বন্ধ হয়ে যায়। সারাদিন চুয়াডাঙ্গা থেকে কোনো বাস ছাড়েনি; মানুষ চলাচল করেছে ইজিবাইক, লেগুনা ও পাখিভ্যানে। সন্ধ্যা ৬টায় কারফিউ শুরু হলে শহর প্রায় ফাঁকা হয়ে যায় এবং আইনশৃঙ্খলা বাহিনী টহল জোরদার করে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চুয়াডাঙ্গা জেলা শাখার সাবেক সদস্য সচিব ও মুখ্য সমন্বয়ক সাফফাতুল ইসলাম বলেন, “৪ আগস্ট চুয়াডাঙ্গার বিভিন্ন স্থানে স্বৈরাচারবিরোধী ছাত্র-জনতার আন্দোলন সংগঠিত হয়েছে। ভালাইপুরে ব্যাপক আন্দোলনের মুখে পুলিশ ও সরকার সমর্থকেরা পিছু হটতে বাধ্য হয়। সীমান্তবর্তী এই জেলার আন্দোলন কেন্দ্রীয় রাজনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে বলে আমরা বিশ্বাস করি।”
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com