অনলাইন ডেস্ক।।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তারাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম দেশের চলমান রাজনৈতিক সংস্কৃতিতে অনিয়ম, দুর্নীতি ও হুমকি-অপকর্মের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, এই কারণেই সাধারণ মানুষ আবারও রাজনৈতিক দলগুলোর ওপর আস্থা হারাতে শুরু করেছে।
তিনি সাফ জানিয়ে দেন, চোর, বাটপার, চাঁদাবাজ বা হুমকিদাতা যেই হোক না কেন, তাদের নাম-পরিচয়সহ তালিকা প্রকাশ করা হবে। আর বাংলাদেশে শেখ হাসিনার মতো কাউকে আর একনায়ক হয়ে উঠতে দেওয়া হবে না।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে এনসিপির জেলা শাখা আয়োজিত ‘বিচার, সংস্কার ও গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান’ শীর্ষক কর্মশালা ও সমন্বয় সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সারজিস আলম অভিযোগ করেন, পঞ্চগড়ের বিভিন্ন উপজেলা ও ইউনিয়নে এনসিপির নতুন কর্মীদের বিএনপি নেতাকর্মীরা হুমকি দিচ্ছেন। বিশেষ করে দেবীগঞ্জ উপজেলার শালডাঙ্গা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও বিএনপি-সমর্থিত ফরিদুল ইসলাম সম্প্রতি এনসিপির প্রধান সমন্বয়কারীর বাড়িতে গিয়ে তাকে ও তার বাবাকে প্রকাশ্যে হুমকি দেন। সারজিস আলম বলেন, এটি বাংলাদেশের রাজনীতির স্থিতিশীলতার জন্য ভয়ংকর দৃষ্টান্ত।
তিনি আরও বলেন, শেখ হাসিনা ও তার ছাত্রলীগ যা করতে পারেনি, তা বিএনপির ছাত্রদল এখন শুরু করেছে—স্কুল পর্যায়ে কমিটি গঠন। সারজিস আলম স্পষ্ট ভাষায় বলেন, কোনো স্কুল-কলেজে রাজনীতির নামে নোংরা চর্চা ঢুকতে দেওয়া হবে না। শিক্ষা প্রতিষ্ঠানকে কলুষিত করার যেকোনো প্রচেষ্টা প্রতিরোধ করা হবে।
এনসিপি নেতা পরিষ্কার করেন যে, তাদের প্রতিপক্ষ কোনো রাজনৈতিক দল নয়। বরং ভালো কাজ করলে তারা যে কোনো দলের প্রশংসা করবে, এমনকি গলায় মালা পরাবে। তবে কোনো অপকর্ম হলে তা যেকোনো মূল্যে প্রতিরোধ করা হবে।
সারজিস আলম দেশের নিয়োগব্যবস্থা নিয়ে কঠোর অবস্থান নেন। তিনি বলেন, দেশের প্রতিটি পরীক্ষা—প্রিলিমিনারি, রিটেন, ভাইভা—স্বচ্ছ প্রক্রিয়ায় হতে হবে এবং নিয়োগ মেধার ভিত্তিতে দিতে হবে। “আমার পরিবারের কেউ যদি মেধার ভিত্তিতে টিকতে না পারে, তারও কোনো দরকার নেই,”—তিনি বলেন।
তার মতে, বহু বছর ধরে অযোগ্যরা সুপারিশের মাধ্যমে সিস্টেম দখল করেছে, যার ফলে দেশ ধ্বংস হয়েছে। ভবিষ্যতেও যদি একই অবস্থা চলতে থাকে, তাহলে বাংলাদেশের কাঙ্ক্ষিত পরিবর্তন আসবে না।
এনসিপি নেতাদের উদ্দেশে তিনি বলেন, “কোনো সুপারিশ করবেন না, অন্য কারও সুপারিশও মেনে নেবেন না। সুপারিশের ভিত্তিতে কিছু হলে তা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে।
তিনি বলেন, “আমরা কারও সঙ্গে অযথা বিরোধে যেতে চাই না। যে দল হাত বাড়াবে, আমরা তাদের সঙ্গে হাত মিলাব। তবে যদি কোনো পক্ষ পায়ে পাড়া দিয়ে ঝগড়া শুরু করে, তারা যদি ১০০ জন হয় আর আপনারা ১০ জন হন, তবুও ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। নইলে একদিন এই অন্যায়-অপরাধ থেকে গুম, খুন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড শুরু হবে। এই সুযোগ দেওয়া যাবে না।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com