মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:
ঝিনাইদহের মহেশপুরে ৫৮ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের উদ্ধার করা ২৪১টি কাইট্টা কচ্ছপের বাচ্চা ও ২টি ঈগল পাখির ছানা অবশেষে নিজেদের চেনা প্রাকৃতিক পরিবেশে ফিরে গেছে। শুক্রবার (২০ নভেম্বর) দুপুর ১২টার দিকে কোটচাঁদপুর বন বিভাগের তত্ত্বাবধানে মহেশপুরের বালুহর বাওড়ের সংরক্ষিত এলাকায় এসব বন্যপ্রাণী অবমুক্ত করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) মহেশপুর ৫৮ বিজিবির একটি টহল দল উপজেলার দত্তনগর মথুরা মাঠ এলাকা থেকে বিপুলসংখ্যক কাইট্টা কচ্ছপের বাচ্চা ও দুটি ঈগল ছানা উদ্ধার করে। পরে একই দিন বিকেলে প্রয়োজনীয় পরিচর্যা ও পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার স্বার্থে প্রাণীগুলো কোটচাঁদপুর বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।
শুক্রবার দুপুরে বালুহর বাওড়ের নিরাপদ জলাভূমি ও সংরক্ষিত অঞ্চলে প্রাণীগুলো অবমুক্ত করার সময় কোটচাঁদপুর বন বিভাগের কর্মকর্তা, প্রাণিসম্পদ ও মৎস্য দপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণমাধ্যমকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
কোটচাঁদপুর বন বিভাগের কর্মকর্তা প্রণব বিশ্বাস বলেন, বিজিবির কাছ থেকে প্রাণীগুলো বুঝে পাওয়ার পর প্রাথমিক যাচাই ও প্রয়োজনীয় প্রস্তুতি শেষে শুক্রবার দুপুরে সেগুলোকে প্রাকৃতিক আবাসস্থলে অবমুক্ত করা হয়েছে।
প্রাণবৈচিত্র্য ও জলাভূমির ভারসাম্য রক্ষায় এমন উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয়রা। তাঁদের মতে, পাচারের হাত থেকে বন্যপ্রাণী উদ্ধার করে নিরাপদ পরিবেশে ফিরিয়ে দেওয়ার এই ধারাবাহিকতা ভবিষ্যতেও বজায় রাখা জরুরি।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com