দৈনিক পদ্মা সংবাদ ডেস্ক।।
চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তের বিপরীতে ভারতের ৩২ বিএসএফ ব্যাটালিয়নের গেদে ক্যাম্পে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর মধ্যে সেক্টর কমান্ডার পর্যায়ের এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকে বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন কৃষ্ণনগর সেক্টর কমান্ডার ডিআইজি শ্রী সঞ্জয় কুমার, অন্যদিকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল মারুফুল আবেদীন। বৈঠকে দুই দেশের সীমান্তে চলমান সমস্যা, সীমান্ত হত্যা, মাদক ও মানব পাচার রোধ, নারী ও শিশু পাচার বন্ধসহ বিভিন্ন ইস্যুতে গভীর আলোচনা হয়। বিশেষ করে বিএসএফ কর্তৃক সীমান্তে বাংলাদেশি নাগরিকদের ওপর গুলি না চালানো এবং যৌথভাবে সীমান্ত নিরাপত্তা জোরদারের বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনায় উঠে আসে।
বৈঠকে বিজিবির পক্ষ থেকে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান, মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম, যশোর রিজিওনের স্টাফ অফিসার মেজর আমিনুর রহমান, কুষ্টিয়া সেক্টরের স্টাফ অফিসার মেজর শফিকুল ইসলাম, ৬ ব্যাটালিয়নের সহকারী পরিচালক হায়দার আলী এবং দর্শনা কোম্পানি কমান্ডার সুবেদার হাবিবুর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা।

বিএসএফের পক্ষ থেকে উপস্থিত ছিলেন কমান্ডেন্ট সঞ্জয় প্রসাদ সিং, কমান্ডেন্ট সুনীল কুমার, কমান্ডেন্ট বিপিন পান্থরি, কমান্ডেন্ট বি মধুসূদন রাও, কমান্ডেন্ট সুজিত কুমার, ডেপুটি কমান্ডেন্ট দুর্গেশ কুমার, ডেপুটি কমান্ডেন্ট বিনোদ কুমার, কোম্পানি কমান্ডার ভিতাশী ও কোম্পানি কমান্ডার ভিড পালসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বৈঠক শেষে উভয় পক্ষের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় করতে উপহার বিনিময় করা হয়। এরপর বিজিবি প্রতিনিধি দল সন্ধ্যায় চুয়াডাঙ্গার দর্শনা আইসিপি দিয়ে বাংলাদেশে ফিরে আসেন। বৈঠক শেষে বিজিবির কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল মারুফুল আবেদীন উপস্থিত গণমাধ্যমকর্মীদের ব্রিফিং করেন।
এ বৈঠককে দুই দেশের সীমান্ত নিরাপত্তা ও পারস্পরিক সহযোগিতা জোরদারের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com