
সংযুক্ত আরব আমিরাত পেশাজীবীদের জন্য শর্ত শিথিল করে নতুন ধরনের গোল্ডেন ভিসা চালু করেছে। পরীক্ষামূলকভাবে এই বিশেষ ভিসা চালু করা হয়েছে বাংলাদেশ ও ভারতের নাগরিকদের জন্য। নতুন এই ‘মনোনয়ন-ভিত্তিক গোল্ডেন ভিসা’ পেতে আগে যেভাবে বিপুল বিনিয়োগের প্রয়োজন হতো, এখন তা ছাড়াই নির্দিষ্ট কিছু পেশাজীবী এই সুযোগ পাচ্ছেন।
এবারের গোল্ডেন ভিসা কর্মসূচিতে নার্স, শিক্ষক ও ডিজিটাল কনটেন্ট নির্মাতাদের যুক্ত করা হয়েছে। ফলে উদ্যোক্তা, বিনিয়োগকারী, মেধাবী শিক্ষার্থী ও বিশেষজ্ঞদের পাশাপাশি আরও অনেক পেশার মানুষের জন্য আমিরাতে স্থায়ীভাবে বসবাসের পথ খুলেছে।
২০১৯ সালে ধনীদের আকৃষ্ট করতে আমিরাত প্রথমবারের মতো গোল্ডেন ভিসা চালু করে। তখন মূলত বড় অঙ্কের বিনিয়োগকারীরা এ সুযোগ পেতেন। ২০২২ সালে ভিসার জন্য বিনিয়োগ সীমা কমিয়ে ২০ লাখ দিরহাম নির্ধারণ করা হয়, যাতে আরও বেশি মানুষ উপকৃত হন।
এবার নতুন করে যাদের এই ভিসা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে তারা হলেন:
স্কুল ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক
অধ্যক্ষ
১৫ বছরের অভিজ্ঞ নার্স
কর্পোরেট নির্বাহী
ফ্রন্টলাইন কর্মী
ইউটিউবার, পডকাস্টার ও অন্যান্য ডিজিটাল কনটেন্ট নির্মাতা
২৫ বছরের বেশি বয়সী ই-স্পোর্টস পেশাজীবী
বিলাসবহুল ইয়ট মালিক ও মেরিটাইম নির্বাহী
‘মনোনয়ন-ভিত্তিক গোল্ডেন ভিসা’র জন্য প্রক্রিয়াটি:
নতুন ভিসা প্রক্রিয়া পরিচালনা করছে আমিরাতের পরামর্শক প্রতিষ্ঠান রায়াদ গ্রুপ। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক রায়াদ কামাল আইয়ুব জানান, বাংলাদেশ ও ভারতীয় নাগরিকদের জন্য এই প্রক্রিয়া বিশেষভাবে চালু করা হয়েছে।
আবেদনকারীর ব্যাকগ্রাউন্ড যাচাই করা হবে, যার মধ্যে অপরাধ রেকর্ড, অর্থপাচারের ইতিহাস এবং সামাজিক যোগাযোগমাধ্যমে উপস্থিতি বিশ্লেষণও অন্তর্ভুক্ত। এ ছাড়া তিনি আমিরাতের অর্থনীতি, সংস্কৃতি, ব্যবসা বা পেশাগত খাতে কতটা অবদান রাখতে পারবেন, তা যাচাই-বাছাইয়ের পর সিদ্ধান্ত নেওয়া হবে।
এই ভিসার জন্য ফি নির্ধারণ করা হয়েছে ১ লাখ দিরহাম (বাংলাদেশি প্রায় ৩৩ লাখ ৩০ হাজার টাকা)। অনুমোদনের পর আবেদনকারীকে আমিরাতে যেতে হবে না। আবেদন করা যাবে ওয়ান ভাস্কো সেন্টার, অনলাইন পোর্টাল, নিবন্ধিত অফিস বা কল সেন্টারের মাধ্যমে।
ভবিষ্যৎ পরিকল্পনা:
এই পাইলট প্রকল্পটি সিইপিএ (Comprehensive Economic Partnership Agreement) স্বাক্ষরকারী দেশগুলোর অংশ হিসেবে গৃহীত হয়েছে। আগামীতে এই তালিকায় চীনসহ আরও দেশ যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।
গোল্ডেন ভিসার সুবিধা:
এই ভিসায় মনোনীত ব্যক্তিরা আমিরাতে পরিবার নিয়ে স্থায়ীভাবে বসবাস করতে পারবেন। থাকবে গৃহকর্মী ও ড্রাইভার রাখার সুবিধাও। অন্যদিকে, বিনিয়োগ বা সম্পত্তির মালিকানা ছাড়াও স্থায়ীভাবে পেশাগত কর্মকাণ্ড চালিয়ে যাওয়া যাবে। রায়াদ কামাল জানান, সম্পত্তি বিক্রি করলে আগের গোল্ডেন ভিসা বাতিল হলেও এই মনোনয়ন-ভিত্তিক ভিসা বাতিল হবে না, বরং তা স্থায়ী থাকবে।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com