
পাকিস্তানের কাছে বিশ্বকাপ বাছাই পর্বে পরাজিত হওয়ার পর সমীকরণের মারপ্যাঁচে পড়ে যায় বাংলাদেশের মেয়েরা। নারী ওয়ানডে বিশ্বকাপে খেলতে পারবে কি না, তা নির্ভর করছিলো ওয়েস্ট ইন্ডিজ-থাইল্যান্ডের ম্যাচের ওপর।
থাইল্যান্ড ১৬৬ রানে অলআউট হলে সমীকরণ দাঁড়ায় ১০ ওভারে জিততে হবে ওয়েস্ট ইন্ডিজকে। আরো একটি সমীকরণ ছিলো, স্কোর সমান করার পর চার মেরে জিতলে ১০.৪ ওভারে জিততে হবে। আর স্কোর সমান হওয়ার পর ছক্কা মেরে জিতলে ১১ ওভারে জয় পেলেও বিশ্বকাপে খেলবে ওয়েস্ট ইন্ডিজ।
সেই লক্ষ্য পূরণের খুব কাছে যেয়েও পারেনি ক্যারিবীয়রা। ছক্কা মেরেই তারা ম্যাচ শেষ করেছে। জিতেছে ১০.৫ ওভারে। কিন্তু সমীকরণ মেলানোর জন্য ম্যাচে স্কোর সমান করে চার বা ছক্কা মারার যে হিসাব ছিল, সেটি মেলাতে পারেনি।
ফলে রানরেটে অল্প ব্যবধানে এগিয়ে থেকে বিশ্বকাপে নাম লিখিয়েছে বাংলাদেশ। এই ম্যাচের আগে ওয়েস্ট ইন্ডিজের নেট রানরেট ছিল (-০.২৮৬), বাংলাদেশের (০.৬৩৯) থেকে কম। ১০.৫ ওভারে ১৬৬ রান তাড়ার পর ওয়েস্ট ইন্ডিজের রানরেট দাঁড়িয়েছে ০.৬২৬, বাংলাদেশের (০.৬৩৯) থেকে যা একটু কম।
ফলে ওয়ানডে বিশ্বকাপে কোয়ালিফাই করেছে বাংলাদেশ। মারকুটে ব্যাটিংয়ে থাইল্যান্ডের বিপক্ষে ২৩৫ বল হাতে রেখে ছয় উইকেটের দুর্দান্ত জয়ের পরও বিশ্বকাপ বাছাই থেকেই বিদায় হয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজের।
২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপ শুরু হবে ২৯ সেপ্টেম্বর থেকে ভারতে। আট দলের আসরে শেষ দল হিসেবে নাম লিখেয়েছে বাংলাদেশ।
বাছাইয়ের ছয় দলের মধ্যে পাকিস্তান প্রথম, বাংলাদেশ দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। পাঁচ ম্যাচের সব ক’টি জিতে সবার আগে নাম লেখায় পাকিস্তান। বাকি ছিলো বাংলাদেশ আর ওয়েস্ট ইন্ডিজের মধ্যে কে খেলবে, সেই হিসাব। যে হিসেবে বাংলাদেশের ভাগ্য খুলেছে। অন্যদিকে কপাল পুড়েছে ওয়েস্ট ইন্ডিজের।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com