
ক্রীড়া ডেস্ক :
সুপার টুয়েলভে ওঠার লড়াইয়ে টিকে থাকার লড়াইয়ে জিম্বাবুয়েকে ৩১ রানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। বুধবার (১৯ অক্টোবর) হোবার্টের বেলেরিভ ওভালে টস জিতে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ ৭ উইকেট হারিয়ে সংগ্রহ করেছিলো ১৫৩ রান। জবাবে ১৮.২ ওভারে ১২২ রানেই অলআউট হয়ে যায় জিম্বাবুয়ে।
এ জয়ের ফলে গ্রুপ ‘বি’তে চার দলেরই সমান ২ পয়েন্ট করে অর্জিত হলো। ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ড- সবারই ২টি করে পয়েন্ট। শেষ ম্যাচে যে দু’দল জিতবে তারাই উঠবে সুপার টুয়েলভে। শেষ ম্যাচে আয়ারল্যান্ড মাঠে নামবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এবং স্কটল্যান্ড মোকাবেলা করবে জিম্বাবুয়ের।
ওয়েস্ট ইন্ডিজের ছুঁড়ে দেয়া ১৫৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা মোটামুটি ভালোই করেছিল দুই ওপেনার ওয়েসলি মাধভিরে এবং রেগিস চাকাভা। ১৪ বলেই তারা গড়ে ফেলে ২৯ রানের জুটি। কিন্তু ৯ বলে ১৩ রান করার পর চাকাভা আউট হয়ে গেলে ধ্বস নামে জিম্বাবুয়ে ইনিংসে।
টনি মুনিয়ঙ্গা ২ রানে, শন উইলিয়ামস ১ রানে আউট হয়ে যান। দলটির বর্তমান সময়ে বড় তারকা সিকান্দার রাজা ৮ বলে ১৪ রান করে আউট হয়ে গেলে জিম্বাবুয়ের আশা-ভরসা শেষ হয়ে যায়। কারণ, সিকান্দার রাজার পারফরম্যান্সেই সম্প্রতি বেশ কিছু ম্যাচ জিতেছে জিম্বাবুয়ে।
মিল্টন সোম্বা ২ রান করে আউট হয়ে যান। এরপর রায়ান বার্ল ১৭ এবং লুক জংউই ২৯ রান করে কিছুটা আশা জাগালেও জয়ের কাজটি করতে পারেননি। বাকি ব্যাটারদের কেউ দুই অংকের ঘর স্পর্শ করতে পারেনি। ফলে ১৮.১ ওভারে ১২২ রানেই অলআউট হয়ে যায় জিম্বাবুয়ে।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৪ ওভারে ১৬ রান দিয়ে ৪ উইকেট নেন অ্যালজারি জোসেফ। ৩.২ ওভারে ১২ রান দিয়ে ৩ উইকেট নেন জেসন হোল্ডার। ১টি করে উইকেট নেন আকিল হোসেন, ওবেদ ম্যাকয় এবং ওডেন স্মিথ।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com