
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতে ৩ হাজার ৯৫০ মেট্রিকটন ইলিশ রপ্তানি হওয়ার কথা থাকলেও বেনাপোল স্থলবন্দর দিয়ে গত নয়দিনে মোট ৬০০ মেট্রিকটন ৪৪০ কেজি রপ্তানি হয়েছে।
এর মধ্যে গত ২১ সেপ্টেম্বর ৭৭ মেট্রিকটন ১০০ কেজি, ২৩ সেপ্টেম্বর ৪০ মেট্রিকটন ১০০ কেজি, ২৫ সেপ্টেম্বর ৫৬ মেট্রিকটন ৫০০ কেজি, ২৬ সেপ্টেম্বর ৪৮ মেট্রিকটন ৯৮০ কেজি, ২৭ সেপ্টেম্বর ৩১ মেট্রিকটন ৭৬০ কেজি, ৩০ সেপ্টেম্বর ৯১ মেট্রিকটন ৫০০ কেজি, ৩ অক্টোবর ৯৮ মেট্রিকটন ৬০০ কেজি, ৪ অক্টোবর ৮৩ মেট্রিকটন ৯০০ কেজি এবং ৫ অক্টোবর সন্ধ্যায় ৭২ মেট্রিকটন ইলিশ ভারতে রপ্তানি হয়েছে।
বেনাপোল স্থলবন্দরের পরিচালক আব্দুল জলিল বিষয়টি নিশ্চিত করে জানান, এবারের দুর্গাপূজায় ভারতে মোট ৩ হাজার ৯৫০ মেট্রিকটন ইলিশ রপ্তানির কথা রয়েছে। এরমধ্যে গত নয়দিনে বেনাপোল বন্দর দিয়ে ৬০০ মেট্রিকটন ৪৪০ কেজি ইলিশ রপ্তানি হয়েছে।
ইলিশের উৎপাদন কমে যাওয়ায় সরকার ২০১২ সাল থেকে ইলিশ রপ্তানি বন্ধ করে দেয়। পরবর্তীতে ভারতের সঙ্গে বন্ধুত্ব বাড়ানোর লক্ষ্যে ২০১৯ সাল থেকে পূজা উপলক্ষে ইলিশ রপ্তানির অনুমতি দেয়া হয়।
ভারতের ইলিশ আমদানিকারক ভজন কুমার দাস বলেন,‘পূজার আগ পর্যন্ত প্রতিদিনই বাংলাদেশের ইলিশ আসবে কলকাতায়। পূজার আগে এরচেয়ে আনন্দ আর কী হতে পারে। এজন্য আমরা বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানাচ্ছি।’
বেনাপোল বন্দরের ফিশারিজ কোয়ারেন্টিন কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন,‘সরকারের বিশেষ অনুমতিতে ইলিশ রপ্তানি শুরু হয়েছে। গত নয়দিনে ৬০০ মেট্রিকটন ৪৪০ কেজি ইলিশ ভারতে গেছে। বাকি ইলিশ আগামী ৩০ অক্টোবরের মধ্যে রপ্তানি শেষ করবে ৭৯টি ইলিশ রপ্তানিকারক প্রতিষ্ঠান।’
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com