
আন্তর্জাতিক ডেস্ক।।
মধ্যপ্রাচ্যে চলমান সংকটের মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া হুশিয়ারি এবং তেহরানের পাল্টা অবস্থান নতুন করে উত্তেজনা বাড়িয়েছে। যুদ্ধবিরতি কার্যকর থাকলেও বাস্তবে পরিস্থিতি এখনও অস্থির, আর দুপক্ষের বক্তব্যে স্পষ্টÑ সংঘাতের আশঙ্কা পুরোপুরি কাটেনি।
ওয়াশিংটনের পক্ষ থেকে কড়া অবস্থান তুলে ধরেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি ইরানকে সতর্ক করে বলেছেন, ‘ভদ্র সাজার দিন শেষ।’ ট্রাম্পের অভিযোগ, তেহরান পরমাণু কর্মসূচি নিয়ে সমঝোতার পথে এগোচ্ছে না। তিনি ইঙ্গিত দেন, দ্রুত সিদ্ধান্ত না নিলে ইরানকে কঠিন পরিণতির মুখোমুখি হতে হবে। একইসঙ্গে তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র সামরিকভাবে প্রতিপক্ষকে দুর্বল করেছে এবং ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না। ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ
আকরামিনিয়া বলেছেন, যুদ্ধবিরতির সময়কালে দেশটির সামরিক বাহিনী লক্ষ্যবস্তুর তথ্যভাণ্ডার হালনাগাদ করেছে এবং তা আরও সমৃদ্ধ করেছে। একইসঙ্গে সামরিক সরঞ্জামের মানোন্নয়ন করা হয়েছে। তিনি জানান, যুদ্ধ শুরুর পর থেকে যখনই যুদ্ধবিরতি কার্যকর হয়েছে, তখনই শত্রুপক্ষের ওপর অনাস্থার কারণে লক্ষ্য নির্ধারণ, প্রশিক্ষণ অব্যাহত রাখা এবং যুদ্ধকালীন অভিজ্ঞতা কাজে লাগানোর প্রক্রিয়া চালানো হয়েছে। তিনি আরও বলেন, ইরান এখনও পূর্ণ সামরিক প্রস্তুতির মধ্যে রয়েছে এবং পরিস্থিতিকে যুদ্ধকালীন হিসেবেই বিবেচনা করা হচ্ছে। শত্রুপক্ষ নতুন করে আগ্রাসন চালালে তাদের নতুন সামরিক সরঞ্জাম, কৌশল এবং ভিন্ন রণক্ষেত্রে মোকাবিলা করতে হবে বলেও সতর্ক করেন তিনি।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সি দাবি করেছে, ৭২ ঘণ্টার মধ্যে দেশটির ৫২টি জাহাজ মার্কিন অবরোধ ভেঙে জলসীমায় চলাচল করেছে। স্যাটেলাইট ট্র্যাকিং তথ্যের বরাতে জানানো হয়, এসব জাহাজের মধ্যে ৩১টি তেলবাহী ট্যাঙ্কার এবং ২১টি পণ্যবাহী জাহাজ ছিল।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরু হয়। ২ মার্চ ইরানের ইসলামিক রেভ্যুলিউশনারি গার্ড কোর (আইআরজিসি) ঘোষণা দেয়, হরমুজ প্রণালি জাহাজ চলাচলের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। পরে পাকিস্তানের মধ্যস্থতায় ৮ এপ্রিল অস্থায়ী যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। ১১ এপ্রিল ইসলামাবাদে আলোচনায় কোনো চুক্তি হয়নি। ২১ এপ্রিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, পাকিস্তানি মধ্যস্থতাকারীদের অনুরোধে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হয়েছে এবং ইরানের পক্ষ থেকে আলোচনার প্রস্তাব না দেওয়া পর্যন্ত তা বহাল থাকবে।
এ পরিস্থিতির মধ্যেই ট্রাম্প নিজের সামাজিক মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ একটি পোস্টে ‘ভদ্র সাজার দিন শেষ’ বার্তা দেন। তিনি অভিযোগ করেন, ইরান পরমাণু অস্ত্রমুক্ত চুক্তির পথে এগোচ্ছে না এবং দেশটিকে দ্রুত সঠিক সিদ্ধান্ত নিতে হবে বলে সতর্ক করেন। সাম্প্রতিক সময়ে তিনি কখনও কূটনৈতিক সমাধানের কথা বলছেন, আবার কখনও আলোচনা ব্যর্থ হলে কঠোর পরিণতির হুশিয়ারি দিচ্ছেন।
ইরানের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দর ৫৭ দিন পর আবার চালু হয়েছে। যুদ্ধের কারণে আকাশসীমা বন্ধ থাকায় এটি দীর্ঘদিন অচল ছিল। বর্তমানে প্রতিদিন ১০ থেকে ১৫টি ফ্লাইট পরিচালিত হচ্ছে, যেখানে স্বাভাবিক সময়ে ১০০ থেকে ১৫০টি ফ্লাইট চলত। তেহরানের মেহরাবাদ বিমানবন্দরসহ তাবরিজ ও উর্মিয়ার বিমানবন্দরগুলোও হামলার শিকার হয়েছে। দীর্ঘদিনের নিষেধাজ্ঞা ও যুদ্ধে ক্ষয়ক্ষতির কারণে ইরানের বিমান খাত সংকটে রয়েছে।
ইরান যুদ্ধের বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ কংগ্রেসে সাক্ষ্য দিতে যাচ্ছেন। প্রতিনিধি পরিষদের আর্মড সার্ভিস কমিটির শুনানিতে তিনি আইনপ্রণেতাদের প্রশ্নের মুখোমুখি হবেন বলে ধারণা করা হচ্ছে। ট্রাম্প প্রশাসনের প্রস্তাবিত ১.৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বাজেট নিয়েও সেখানে আলোচনা হবে। শুনানিতে জেনারেল ড্যান কেইনও সাক্ষ্য দেবেন।
এদিকে লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। হানিন, নাকুরা ও খিয়াম এলাকায় বিমান হামলা ও গোলাবর্ষণের ঘটনা ঘটেছে। এসব হামলায় অন্তত আটজন নিহত হয়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। ২ মার্চ থেকে শুরু হওয়া হামলায় লেবাননে নিহতের সংখ্যা বেড়ে ২ হাজার ৫৩৪ জনে দাঁড়িয়েছে এবং আহত হয়েছেন ৭ হাজার ৮৬৩ জন।
ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌ-অবরোধ দীর্ঘায়িত করার প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন ট্রাম্প। এ খবরে বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে। ব্রেন্ট ক্রুডের দাম বেড়ে ব্যারেলপ্রতি ১১১ দশমিক ৭৮ ডলারে দাঁড়িয়েছে এবং ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ১০০ দশমিক ৫০ ডলারে উঠেছে।
হরমুজ প্রণালি অবরুদ্ধ থাকায় বিকল্প রুট হিসেবে পানামা খাল দিয়ে জাহাজ চলাচল বেড়েছে। অতিরিক্ত জাহাজ চলাচলের কারণে খরচও বৃদ্ধি পেয়েছে এবং কোনো কোনো ক্ষেত্রে দ্রুত পারাপারের জন্য অতিরিক্ত ফি দিতে হচ্ছে।
হোয়াইট হাউস জানিয়েছে, ইরানের সঙ্গে আলোচকরা যোগাযোগ অব্যাহত রেখেছেন। মুখপাত্র আনা কেলি বলেন, ট্রাম্প কেবল এমন একটি চুক্তিতে সম্মত হবেন, যা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তাকে অগ্রাধিকার দেয়। একইসঙ্গে তারা দাবি করেছে, যুদ্ধের মধ্যে ইরান নেতৃত্বগত সংকট সামাল দিতে হিমশিম খাচ্ছে।
ট্রাম্প আরও দাবি করেছেন, ইরান হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রকে অনুরোধ করেছে এবং দেশটি ‘ভেঙে পড়ার মতো অবস্থায়’ রয়েছে। তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে কোনো অবস্থান জানায়নি এবং ট্রাম্পের কিছু দাবির সত্যতা নিয়েও প্রশ্ন রয়েছে।
এদিকে ইরানের ‘ছায়া ব্যাংকিং’ ব্যবস্থার সঙ্গে জড়িত ৩৫ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছেন, এসব প্রতিষ্ঠানের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ স্থানান্তর হয়ে ইরানের কার্যক্রমে সহায়তা করেছে।
ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, যুক্তরাষ্ট্র আর অন্য দেশের ওপর তার নীতি চাপিয়ে দেওয়ার অবস্থানে নেই। একইসঙ্গে তারা যুক্তরাষ্ট্রের দাবিগুলোকে ‘অবৈধ’ ও ‘অযৌক্তিক’ বলে উল্লেখ করেছে।
জাতিসংঘে রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া বলেছেন, হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করার পূর্ণ অধিকার ইরানের রয়েছে। রুশ প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলোসভ জানিয়েছেন, যে কোনো পরিস্থিতিতে রাশিয়া ও ইরান একে অপরকে সহযোগিতা করবে।
জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান ভাডিপুল হরমুজ সংকট সমাধানে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ভূমিকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এ সংকটের কারণে হাজার হাজার জাহাজ ও নাবিক আটকা পড়েছেন।
পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা স্থবির থাকলেও শান্তির প্রচেষ্টা অব্যাহত রয়েছে। তার মতে, পাকিস্তানের মধ্যস্থতার কারণে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো সম্ভব হয়েছে।
এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্র সফরে গিয়ে ট্রাম্পের সঙ্গে বৈঠকের পরিকল্পনা করছেন। একইসঙ্গে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের সঙ্গে সম্ভাব্য বৈঠকের বিষয়েও আলোচনা চলছে।
অন্যদিকে সংযুক্ত আরব আমিরাত ওপেক ও ওপেক প্লাস জোট থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে, যা আগামী ১ মে থেকে কার্যকর হবে। এ সিদ্ধান্তকে জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।
মধ্যপ্রাচ্যের এ পরিস্থিতির মধ্যে সামরিক প্রস্তুতি, কূটনৈতিক অচলাবস্থা, অর্থনৈতিক চাপ এবং আঞ্চলিক সংঘাতÑ সব মিলিয়ে উত্তেজনা অব্যাহত রয়েছে।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com