যশোর সংবাদদাতা।।
যশোরের অভয়নগরে ভৈরব নদে লাইটার জাহাজের ধাক্কায় বালুভর্তি একটি বাল্কহেড ডুবে গেছে। সোমবার (১৬ নভেম্বর) ভোরে উপজেলার নওয়াপাড়া-শংকরপাশা খেয়াঘাটসংলগ্ন বিশ্বাস বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ওই এলাকা দিয়ে নৌযান চলাচল বন্ধ হয়ে যায়। তবে সোমবার বিকেলের দিকে জোয়ারের পানি প্রবেশ করলে নৌ চলাচল কিছুটা স্বাভাবিক হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার ভোর আনুমানিক ৫টার দিকে খুলনাগামী ‘এমভি মারুফ-১’ লাইটার জাহাজের ধাক্কায় ‘লামিয়া শরীফ’ নামের বালুভর্তি একটি বাল্কহেড ডুবে যায়। এ সময় বাল্কহেডে থাকা তিনজন স্টাফকে স্থানীয়রা উদ্ধার করে। পরে বাল্কহেডে ধাক্কা দেওয়া জাহাজটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
ডুবে যাওয়া বাল্কহেড লামিয়া শরীফের স্টাফ গোলাম রাব্বি জানান, ভোরে ঘনকুয়াশার মধ্যে বিপরীত দিক থেকে আসা এমভি মারুফ-১ নামের একটি লাইটার জাহাজ উল্টোপথে এসে তাদের বালুভর্তি বাল্কহেডের বামপাশে আঘাত করে। এর কয়েক মিনিটের মধ্যে বাল্কহেডটি নদীতে ডুবে যায়। তাদের তিনজন স্টাফের সকলে ভালো আছেন।
তিনি আরো জানান, নড়াইল জেলার কালিয়া উপজেলা থেকে ১১ হাজার বর্গফুট বালুভর্তি করে বাল্কহেডটি নওয়াপাড়া নদীবন্দর এলাকার চেঙ্গুটিয়া গ্রামের একটি ডিপোতে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ নওয়াপাড়া নদীবন্দরের সহকারী পরিচালক মো. ফরিদুল ইসলাম বলেন, ‘ভোর থেকে দুর্ঘটনাস্থল দিয়ে নৌযান চলাচল বন্ধ হয়ে যায়। তবে বিকেলে জোয়ারের পানি প্রবেশ করলে নৌ চলাচল কিছুটা স্বাভাবিক হয়। ডুবে যাওয়া বালুভর্তি বাল্কহেডটি উদ্ধারে কাজ শুরু করা হয়েছে। হতাহতের কোনো ঘটনা ঘটেনি। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। তদন্তপূর্বক পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com