
মোঃ আব্দুর রহমান অনিক।।
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে চুয়াডাঙ্গা জেলা পুলিশের পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। আজ রাত ১২টা ০১ মিনিটে চুয়াডাঙ্গা সরকারি কলেজ চত্বরে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা।
এ সময় ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’ গানের সুর বাজতে থাকে। পুষ্পস্তবক অর্পণের পর জেলা পুলিশের পক্ষ থেকে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।
একুশের প্রথম প্রহরে শ্রদ্ধা নিবেদনের জন্য শহীদ মিনার এলাকায় চুয়াডাঙ্গা জেলা পুলিশের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। শহীদ মিনার এলাকায় সাদা পোশাকে ডিএসবি, ডিবি ও ইউনিফর্ম পরিহিত পুলিশ সদস্য মোতায়েন করা হয়। শহীদ মিনারের প্রবেশ ফটকে আর্চওয়ে বসানো হয় এবং সিসি টিভি ক্যামেরা ও ওয়াচ টাওয়ারে বাইনোকুলার দিয়ে সার্বক্ষণিক তদারকি করা হয়। এছাড়াও হ্যান্ড মেটাল ডিটেক্টর দিয়ে দর্শনার্থীদের দেহ তল্লাশি ও হ্যান্ডব্যাগ পরীক্ষা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব কনক কুমার দাস, ডিআইও-১, ডিএসবি, ওসি, ডিবি, কোর্ট ইন্সপেক্টর, সদর থানার অফিসার ইনচার্জ, টিআইসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা।
চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা বলেন, "মহান ভাষা আন্দোলন আমাদের জাতীয় ইতিহাসের এক গৌরবোজ্জ্বল অধ্যায়। ভাষা শহীদদের আত্মত্যাগ আমাদেরকে স্বাধীনতা ও স্বাধিকার আন্দোলনে প্রেরণা যুগিয়েছে। তাদের স্মৃতির প্রতি আমরা চিরকৃতজ্ঞ।"
একুশে ফেব্রুয়ারি বাঙালির জাতীয় চেতনা ও সংস্কৃতির প্রতীক। এই দিনটি শুধু শোকের নয়, গর্বেরও। চুয়াডাঙ্গা জেলা পুলিশের এই শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠান ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসার প্রকাশ ঘটিয়েছে।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com