দৈনিক পদ্মা সংবাদ নিজস্ব ডেস্ক:
ঝিনাইদহের মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর একটি চৌকস দল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে আনুমানিক ১ কোটি ১ লাখ ৪৬ হাজার টাকা মূল্যের ৪টি স্বর্ণের বার উদ্ধার করেছে। একই সাথে স্বর্ণ পাচারের অভিযোগে ব্যাটারিচালিত ভ্যান ও সাউন্ড মাইকসহ সেলিম হোসেন (৩৫) নামের এক পাচারকারীকে আটক করা হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার (১১ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর ব্যাটালিয়নের আওতাধীন গয়েশপুর বিওপির একটি টহল দল সীমান্ত পিলার ৬৭-এমপির আনুমানিক এক কিলোমিটার বাংলাদেশের ভেতরে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার ৪ নম্বর সীমান্ত ইউনিয়নের গয়েশপুর গ্রামস্থ যাত্রীছাউনির সামনে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন ভ্যানচালক সেলিম হোসেনকে আটক করা হয়। আটক সেলিম চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার ধোপাখালী গ্রামের সদরপাড়ার বারব আলীর ছেলে।
পরবর্তীতে তল্লাশি চালিয়ে তাঁর ব্যাটারিচালিত ভ্যানের সামনে থাকা ছোট সাউন্ড মাইকের ব্যাটারি রাখার বিশেষ চেম্বার থেকে ৫৭৪.৫১ গ্রাম ওজনের মোট ৪টি স্বর্ণের বার জব্দ করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য (সিজার মূল্য) ১ কোটি ১ লাখ ৪৬ হাজার টাকা। এছাড়া জব্দকৃত ব্যাটারিচালিত ভ্যান ও মাইকসহ সর্বমোট আলামতের সিজার মূল্য ধরা হয়েছে ১ কোটি ১ লাখ ৯৭ হাজার টাকা।
বিজিবি সূত্র জানায়, আটক আসামির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ শেষে তাঁকে উদ্ধারকৃত ভ্যান ও মাইকসহ জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে। এছাড়া জব্দকৃত স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা জেলা সরকারি কোষাগারে (ট্রেজারি) জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com