
দৈনিক পদ্মা সংবাদ ডট কম।
ছেলে থেকে মেয়ে হওয়ার পর দীর্ঘদিন ক্রিকেট থেকে দূরে থাকতে হয়েছে ভারতের প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় বাঙ্গারের সন্তান অনয়া বাঙ্গারকে। এবার অস্ট্রেলিয়ার ঘরোয়া নারী ক্রিকেটে খেলার সুযোগ পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে তাঁর সামনে। ক্রিকেট অস্ট্রেলিয়ার অনুমোদন পাওয়ার পর নিজের ক্রিকেটে ফেরার স্বপ্ন নিয়ে মুখ খুলেছেন অনয়া।
ক্রিকেট অস্ট্রেলিয়ার পাঠানো ই-মেইলের একটি অংশ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন অনয়া। সেখানে তিনি জানিয়েছেন, অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটের সর্বোচ্চ স্তরের নারী ক্রিকেটে খেলার অনুমতি পেয়েছেন তিনি। তবে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার আগে তাঁকে শারীরিকভাবে প্রস্তুত হতে হবে।
অনয়া লিখেছেন, “অস্ট্রেলিয়া আমায় তাদের ঘরোয়া ক্রিকেটের (মহিলাদের) সর্বোচ্চ স্তরে খেলার অনুমতি দিয়েছে। এখন আমার চ্যালেঞ্জ হচ্ছে শারীরিকভাবে প্রতিযোগিতা খেলার মতো জায়গায় পৌঁছানো। তবেই বিগ ব্যাশ লিগের ফ্র্যাঞ্চাইজিগুলো আমাকে দলে নেওয়ার কথা বিবেচনা করবে। এবার নিজের জায়গা করে নেওয়ার সময়। মাঠে দেখা হচ্ছে।”
মুম্বইয়ের বিভিন্ন বয়সভিত্তিক প্রতিযোগিতায় ক্রিকেট খেলেছেন অনয়া। তবে লিঙ্গ পরিবর্তনের পর ভারতের নারী ক্রিকেটে খেলার সুযোগ তাঁর নেই। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) লিঙ্গ পরিবর্তনকারী খেলোয়াড়দের নারী আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণের অনুমতি দেয় না। ভারতীয় ক্রিকেট বোর্ডও (বিসিসিআই) একই নীতি অনুসরণ করে।
তবে ক্রিকেট থেকে পুরোপুরি সরে যেতে রাজি নন অনয়া। পেশাদার ক্রিকেটে ফেরার স্বপ্নকে সামনে রেখে তিনি অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে খেলার প্রস্তুতি নিচ্ছেন।
অনয়ার ভাষ্য, ২০২৭ সালের মার্চের পর তিনি অস্ট্রেলিয়ার নারী বিগ ব্যাশ লিগে খেলার যোগ্য হয়ে উঠবেন। তাঁর কাছে এটি শুধু একটি ক্রিকেট লিগে খেলার সুযোগ নয়; বরং দীর্ঘ বিরতির পর প্রিয় খেলায় ফিরে আসার বড় একটি সুযোগ।
অনয়া বলেন, ছোটবেলা থেকেই ক্রিকেট তাঁর জীবনের গুরুত্বপূর্ণ অংশ। লিঙ্গ পরিবর্তনের প্রক্রিয়া শুরু হওয়ার পর তাঁকে ক্রিকেট থেকে দূরে থাকতে হয়েছে, যা তাঁর জীবনের অন্যতম কঠিন অভিজ্ঞতা। নারী লিগে খেলা তাঁর কাছে গুরুত্বপূর্ণ হলেও সবচেয়ে বড় বিষয় হলো—আবার ক্রিকেট মাঠে ফিরতে পারা।
অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে ট্রান্সজেন্ডার ও জেন্ডার-ডাইভার্স খেলোয়াড়দের অংশগ্রহণের জন্য আলাদা নীতি রয়েছে। নির্দিষ্ট কিছু শারীরিক ও যোগ্যতার শর্ত পূরণ করার পর খেলোয়াড়দের ঘরোয়া ক্রিকেটে অংশ নেওয়ার অনুমতি দেওয়া হয়।
বিগ ব্যাশ লিগে বিদেশি ক্রিকেটারদের জন্য ড্রাফট ও সরাসরি চুক্তির সুযোগ রয়েছে। ফলে যোগ্যতা অর্জন করতে পারলে অনয়ার সামনে অস্ট্রেলিয়ার কোনো ফ্র্যাঞ্চাইজির নজরে আসার সম্ভাবনাও তৈরি হতে পারে। তবে সেই জায়গা করে নিতে হলে তাঁকে নিজের পারফরম্যান্স ও শারীরিক সক্ষমতা দিয়ে যোগ্যতা প্রমাণ করতে হবে।
ইতোমধ্যে সেই প্রস্তুতিও শুরু করে দিয়েছেন অনয়া। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ের পাশাপাশি ফিটনেস নিয়েও নিয়মিত অনুশীলন করছেন তিনি। আগামী কয়েক মাসের মধ্যে নিজেকে সর্বোচ্চ পর্যায়ের ক্রিকেটের জন্য প্রস্তুত করার লক্ষ্য নিয়েছেন।
একসময় সরফরাজ খানসহ একাধিক ক্রিকেটারের সঙ্গে বয়সভিত্তিক পর্যায়ে ক্রিকেট খেলেছেন অনয়া। এবার দীর্ঘ বিরতির পর আবারও ২২ গজে ফেরার স্বপ্ন দেখছেন তিনি। সেই স্বপ্ন বাস্তবায়নে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন বাঙ্গার-কন্যা।
অনয়ার বার্তা স্পষ্ট—ক্রিকেট তাঁর জীবনের অবিচ্ছেদ্য অংশ, আর সেই প্রিয় ২২ গজেই আবার ফিরতে চান তিনি।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com