
ঝিনাইদহ প্রতিনিধি।।
ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার গোপালপুর গ্রামের ১৯ বছর বয়সী অমিত হাসান এখন মৃত্যুর সঙ্গে লড়াই করছে। গত বছরের ৫ আগস্ট সরকার পতনের দাবিতে হওয়া আন্দোলনে পুলিশের গুলিতে আহত হওয়ার পর থেকে মাথায় ২২টি স্প্লিন্টার নিয়ে দিন কাটাচ্ছে সে। চিকিৎসার অভাবে তার শরীর ধীরে ধীরে অবশ হয়ে যাচ্ছে, কমে আসছে হাত-পায়ের শক্তি, আর স্মৃতিশক্তিও ক্ষয়ে যাচ্ছে।
টিনের বেড়া দেয়া একটি ছোট ঘরের বারান্দায় শুয়ে থাকা অমিতকে দেখলে বোঝা যায়, জীবন তার জন্য কতটা কঠিন হয়ে উঠেছে। কথা বলার সময় মাঝেমধ্যে থমকে যায়, ভুলে যায় আগের কথা। মাথার গভীরে ঢুকে থাকা ৩টি স্প্লিন্টার অপসারণ করলে মৃত্যুর ঝুঁকি রয়েছে—এ কথা ঢাকার চিকিৎসকেরা জানিয়ে দিয়েছেন।
অমিত জানায়, ৫ আগস্ট সকালে শাপলা চত্বরে ছাত্র-জনতার মিছিলে যোগ দিতে যায় সে। দুপুরে পুলিশ, র্যাব ও বিজিবি মিছিলে ধাওয়া দিলে সংঘর্ষ হয়। এ সময় পুলিশের গুলিতে আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে এবং জ্ঞান হারায়। সহযোদ্ধারা তাকে মহেশপুর উপজেলা হাসপাতালে নেয়। পরে যশোর হয়ে ঢাকায় পাঠানো হলেও চিকিৎসা পর্যাপ্ত হয়নি।
ঢাকা মেডিকেলে চিকিৎসকের অভাবে প্রথমবার তাকে ফিরিয়ে আনতে হয়। পরদিন সিএমএইচ-এ ভর্তি করে ৯ দিন চিকিৎসা করানো হয়। এরপর থেকে সপ্তাহে ৭–৮শ টাকা ওষুধ লাগছে, কিন্তু টাকার অভাবে নিয়মিত চিকিৎসা চলছে না। এখন পর্যন্ত স্থানীয় বিএনপি ১০ হাজার, উপজেলা নির্বাহী অফিসার ৫ হাজার ও জেলা প্রশাসকের কার্যালয় থেকে ১০ হাজার টাকা অনুদান পেয়েছে সে।
অমিতের বাবা-মা কেউই তার পাশে নেই। জন্মের কিছুদিন পর বাবা দ্বিতীয় বিয়ে করে চলে যান, আর মা ভারতে চলে গিয়ে আর ফিরে আসেননি। খালা জবেদা খাতুনের তত্ত্বাবধানে বড় হয়েছে সে। অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করতে পেরেছে, এরপর অভাবের কারণে দিনমজুরের কাজ শুরু করে। এখন খালার সামান্য আয়ে সংসার চলাই কঠিন, তার উপর বাড়তি চিকিৎসার খরচ এক অসহনীয় বোঝা হয়ে দাঁড়িয়েছে।
গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী কদর বলেন, একজন যোদ্ধাহত যুবক বিনা চিকিৎসায় মারা যাবে।এটা জাতির জন্য লজ্জার বিষয়।
মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার খাদিজা আক্তার জানান, আহতদের তালিকা গেজেটে রয়েছে, অনুদান এলে অমিতও পাবে।
খালা জবেদা খাতুনের আর্জি,সরকারসহ সমাজের সকল শ্রেণির মানুষ এগিয়ে না এলে আমার অমিতকে বাঁচানো যাবে না।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com