
মুুন্সিগঞ্জ জেলার সুপরিচিত মিষ্টান্ন উৎপাদনকারী প্রতিষ্ঠান আসলাম সুইটস এন্ড বেকারির ফ্যাক্টরিতে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত।
এসময় ‘মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর উপায়ে’ মিষ্টান্ন তৈরি করতে দেখা গেছে। পরে এই অপরাধে ৩ লাখ টাকা জরিমানা আদায় করা হয় মালিক পক্ষের কাছ থেকে।
আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে জেলা শহরের কাটাখালি বাজার এলাকায় আসলাম সুইটস এন্ড বেকারির কারখানায় অভিযান পরিচালিত হয়।
পরে আদালত পরিচালনা করে দন্ডাদেশ দেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জুলফিকার হোসাইন রনি।
অভিযান সূত্র জানায়, আসলামের ফ্যাক্টরিতে মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর প্রক্রিয়ায় মিষ্টি সামগ্রী উৎপাদন ও বিক্রয় করা হচ্ছিলো। এছাড়া বিভিন্ন অংশ অপরিষ্কার, অপরিচ্ছন্ন, ব্যবহারের অযোগ্য গাদ ও ছানার পানিসহ অন্যান্য উপাদান সামগ্রী ছড়ানো-ছিটানো দেখা যায়। যা, জনস্বাস্থ্যের জন্য হুমকি স্বরুপ।
অভিযানে উপস্থিত থাকা আদালতের একজন বেঞ্চ সহকারী জাকির হোসেন জানান, জরিমানার ৩ লাখ টাকা আসলাম সুইটসের মালিক মো. আসলাম সরকার তৎক্ষণাৎ পরিশোধ করেছেন।এছাড়া তাকে ৩০ দিনের মধ্যে ফ্যাক্টরি পরিষ্কার-পরিচ্ছন্ন করার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।
অভিযানে উপস্থিত ছিলেন অপর স্পেশাল ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইফতি হাসান ইমরান, শহিদুল ইসলাম, জেলা স্যানেটারি ইন্সপেক্টর গাজী মোহাম্মদ আমিনসহ মুন্সিগঞ্জ থানা পুলিশের একটি দল।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com