
আন্তর্জাতিক ডেস্ক।।
মার্কিন ঘাঁটিতে হামলায় স্টারলিংক ব্যবহার করেছে ইরান
মার্কিন ঘাঁটিতে হামলায় স্টারলিংক ব্যবহার করেছে ইরান
মার্কিন সামরিক স্থাপনায় ড্রোন হামলায় ইরান স্পেসএক্সের স্যাটেলাইট ইন্টারনেট সেবা স্টারলিংক ব্যবহার করেছে—এমন খবর প্রকাশের পর ক্ষুব্ধ হয়েছিলেন প্রতিষ্ঠানটির মালিক ইলন মাস্ক। কুয়েতে অবস্থিত পোর্ট শুয়াইবা সামরিক স্থাপনায় ওই হামলায় ছয় মার্কিন সেনা নিহত হন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনার পর স্টারলিংক টার্মিনাল বিক্রির ক্ষেত্রে নতুন বিধিনিষেধ আরোপ করে স্পেসএক্স। তবে ইরানের অভ্যন্তরে স্টারলিংক সেবা পুরোপুরি বন্ধ করা নিয়ে জটিল পরিস্থিতিতে পড়েছে প্রতিষ্ঠানটি। কারণ, দেশটির সরকার ইন্টারনেট ব্যবহারে নিয়ন্ত্রণ আরোপ করলেও সরকারবিরোধীরা সেই নিয়ন্ত্রণ এড়িয়ে যোগাযোগ বজায় রাখতে স্টারলিংক ব্যবহার করছেন।
স্থানীয় সময় শনিবার (২৮ নভেম্বর) প্রকাশিত মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত মার্চে অনুমোদন ছাড়াই ইরানে স্টারলিংক ব্যবহারের বিষয়টি জানতে পেরে ক্ষুব্ধ হন টেসলা ও স্পেসএক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক। কুয়েতের পোর্ট শুয়াইবা সামরিক স্থাপনায় ১ মার্চের ড্রোন হামলায় ইরান স্টারলিংকের মাধ্যমে সহায়তা পেয়েছিল বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। ওই হামলায় ছয় মার্কিন সেনা নিহত হন।
তবে এ বিষয়ে জানতে চাওয়া হলে মার্কিন সামরিক কর্মকর্তারা ওয়াশিংটন পোস্টের কাছে কোনো মন্তব্য করতে রাজি হননি।
ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, পোর্ট শুয়াইবা হামলার পরবর্তী কয়েক সপ্তাহে স্টারলিংক টার্মিনাল বিক্রির নিয়ম আরও কঠোর করেন ইলন মাস্ক ও স্পেসএক্স। অননুমোদিত ব্যক্তি বা গোষ্ঠীর হাতে যেন এসব টার্মিনাল না পৌঁছায়, সে লক্ষ্যেই নতুন বিধিনিষেধ কার্যকর করা হয়।
নতুন নিয়ম অনুযায়ী, কোনো গ্রাহক স্টারলিংক টার্মিনাল কেনার পর সেবা চালু করলে বিক্রেতাকে ওই গ্রাহকের পরিচয় যাচাইয়ের প্রমাণ দিতে হবে। এর মাধ্যমে স্টারলিংক প্রযুক্তির অননুমোদিত ব্যবহার ঠেকানোর উদ্যোগ নিয়েছে স্পেসএক্স।
প্রতিবেদনে আরও বলা হয়, ইরানে স্টারলিংকের ব্যবহার নিয়ে মাস্কের ক্ষোভের পেছনে আরেকটি কারণ ছিল। এর মাত্র দুই মাস আগে রাশিয়া যাতে দূরপাল্লার ড্রোন পরিচালনায় স্টারলিংক টার্মিনাল ব্যবহার করতে না পারে, সে উদ্যোগ নিয়েছিলেন তিনি।
ইউক্রেনের পক্ষ থেকে দূরপাল্লার ড্রোনের ভিডিও প্রকাশের পর স্টারলিংক ও স্টারশিল্ড ব্যবহারে বিধিনিষেধ আরোপ করেন মাস্ক। প্রযুক্তিটির অপব্যবহারের অভিযোগে স্পেসএক্সের দুই নির্বাহী কর্মকর্তাকেও বরখাস্ত করা হয়েছিল বলে ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইলন মাস্ক চাইলে ইরানের ভেতরে সক্রিয় যেকোনো স্টারলিংক টার্মিনাল বন্ধ করে দিতে পারেন। তবে এমন সিদ্ধান্ত নিলে দেশটির সরকারবিরোধী নাগরিকদের যোগাযোগের সুযোগ সীমিত হয়ে যেতে পারে।
ইরান সরকার ইন্টারনেট ব্যবহারে বিধিনিষেধ আরোপ করলে তা এড়িয়ে যোগাযোগ চালিয়ে যাওয়ার জন্য স্টারলিংক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ফলে দেশটিতে পুরোপুরি সেবা বন্ধ করা হলে ইরানের সাধারণ মানুষ ও সরকারবিরোধীদের যোগাযোগে নেতিবাচক প্রভাব পড়তে পারে।
ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, ইরান সরকার ইন্টারনেট বন্ধ করে দেওয়ার প্রতিক্রিয়ায় গত জানুয়ারিতে দেশটিতে স্টারলিংক ব্যবহারের জন্য অতিরিক্ত কোনো খরচ না নেওয়ার ঘোষণা দিয়েছিলেন ইলন মাস্ক।
ওয়াশিংটন ইনস্টিটিউটের জ্যেষ্ঠ ফেলো হলি ড্যাগরেস ওয়াশিংটন পোস্টকে বলেন, ইরানের ভেতরে কী ঘটছে, তা দেশটির নাগরিকদের জানার অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হলো ইন্টারনেট ও সামাজিক যোগাযোগমাধ্যম।
তিনি আরও বলেন, এ কারণেই ট্রাম্প প্রশাসন যোগাযোগব্যবস্থাটি বন্ধ করতে আগ্রহী নয় বলে তার ধারণা। সামাজিক যোগাযোগমাধ্যম ও মেসেজিং অ্যাপের বিভিন্ন চ্যানেল থেকে পাওয়া উন্মুক্ত তথ্যের মাধ্যমে ইরানের পরিস্থিতি সম্পর্কে ধারণা পাওয়া যায়।
ড্যাগরেসের মতে, তেহরানে যুক্তরাষ্ট্রের কোনো দূতাবাস নেই। একই সঙ্গে ইরানের অভ্যন্তরে সাংবাদিকদের স্বাধীনভাবে সংবাদ সংগ্রহের সুযোগও সীমিত। এ কারণে দেশটির পরিস্থিতি পর্যবেক্ষণ এবং তথ্য সংগ্রহের ক্ষেত্রে অনলাইন যোগাযোগমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com