স্পোর্টস ডেস্ক।।
তিন সংস্করণের জন্য আলাদা তিন অধিনায়ক বেছে নিয়েছিল বাংলাদেশ। কিন্তু কোনো সংস্করণেই ছিল না সহঅধিনায়ক। এবার একসঙ্গেই তিন সহঅধিনায়কের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা জানিয়েছে, টেস্টে মেহেদী হাসান মিরাজ, ওয়ানডেতে নাজমুল হোসেন আর টি-২০’তে সহঅধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন সাইফ হাসান।
আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের আগেই টেস্ট চ্যাম্পিয়নশিপের আগামী চক্র পর্যন্ত টেস্ট অধিনায়ক হিসেবে নাজমুল হোসেনের নাম ঘোষণা করা হয়। এই সংস্করণে তাঁর ডেপুটি হয়েছেন মিরাজ।
ওয়ানডেতে ঠিক এর উল্টো। আগামী বছরের জুন পর্যন্ত এক বছরের জন্য ওয়ানডে সংস্করণের অধিনায়ক করা হয়েছে মিরাজকে। সেখানে তাঁর ডেপুটি হলেন নাজমুল। গত জুনে শ্রীলঙ্কা সিরিজের আগে নাজমুলকে সরিয়েই মিরাজকে এ সংস্করণের অধিনায়ক করা হয়েছিল।
২০২৬ সালের টি-২০ বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশের টি-২০ অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে লিটন দাসকে। গত এশিয়া কাপ থেকে এ সংস্করণে ব্যাট হাতে সামর্থ্যের প্রমাণ দিয়ে ধারাবাহিকতা ধরে রেখেছেন সাইফ হাসান। তাঁকে এ সংস্করণে এখন সহ–অধিনায়ক করা হলো।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com