মেহেরপুর প্রতিনিধি:
মেহেরপুরের মুজিবনগর সীমান্তে অভিযান চালিয়ে ৩২টি স্বর্ণের বারসহ দুই পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা স্বর্ণের ওজন প্রায় ৩ কেজি ৯৪১ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য ৭ কোটি ৩৫ লাখ ১৯ হাজার ৩৫৫ টাকা।
রবিবার (১ নভেম্বর) দুপুরে মেহেরপুর উপজেলার নাজিরাকোনা সীমান্ত এলাকার নাগারবিল থেকে তাঁদের আটক করা হয়। চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
আটককৃত ব্যক্তিরা হলেন—মুজিবনগর উপজেলার সোনাপুর নতুনপাড়া গ্রামের আবু বক্করের ছেলে মো. আসাদুল (৫০) এবং একই গ্রামের মাদারের ছেলে মো. জুয়েল হোসেন (৩০)।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নাজিরাকোনা বিওপির একটি টহলদল সীমান্ত পিলার ১১০-এর প্রায় ৭০০ গজ অভ্যন্তরে নাগারবিল এলাকায় কৌশলগত অবস্থান নেয়। রবিবারের দুপুর আনুমানিক ১২টা ৪০ মিনিটে দুই ব্যক্তিকে একটি ব্যাগ হাতে সীমান্তের দিকে যেতে দেখে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করেন। এ সময় তারা ব্যাগ ফেলে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তাদের আটক করা হয়। পরে স্থানীয় লোকজনের উপস্থিতিতে ওই ব্যাগ তল্লাশি করে ৩২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে মুজিবনগর থানায় সোপর্দ এবং উদ্ধারকৃত স্বর্ণ মেহেরপুর ট্রেজারি অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান জানান, সীমান্ত সুরক্ষা এবং যেকোনো ধরনের চোরাচালান ও অপরাধমূলক কর্মকাণ্ড রোধে বিজিবির এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com