
বাগেরহাটের মোরেলগঞ্জে আকস্মিক ঘূর্ণিঝড়ে গাছপালা ভেঙ্গে লন্ডভন্ড হয়ে গেছে। তিনটি শিক্ষা প্রতিষ্ঠানসহ চার শতাধিক বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। পিরোজপুর- বাগেরহাট আঞ্চলিক মহাসড়কের বাধাঁল নামক স্থানে বিদ্যুতের খুঁটি পরে দু'ঘন্টা যান চলাচল ছিলো বন্ধ। গোটা উপজেলায় ৮ ঘন্টা ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন। ১২শ’ একর কলা খেতে সাড়ে ৩শ কলা চাষীদের অপূরণীয় ক্ষতি হয়েছে। ঝড়ে ভেঙে পড়া সড়কের উপর থেকে গাছপালা অপসনের জন্য ফায়ার সার্ভিস, বিদ্যুৎ বিভাগ ও স্থানীয় একাধিক স্বেচ্ছাসেবক টিম কাজ করছে।
সারেজমিনে ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রোববার সকাল সাড়ে ৯টার দিকে আকস্মিক এক ঘূর্ণিঝড় ও শিলা বৃষ্টিতে উপজেলার বনগ্রাম ইউনিয়নের নদীর তীরবর্তী বনগ্রাম, বহরবৌলা, জয়পুর, শ্রীপুর গ্রাম ও হোগলাপাশা ইউনিয়নের হোগলা পাশা, বৌলপুর, মধুরকাঠি, গোবিন্দপুর, কালিয়ামেগা, চর গোবিন্দপুর, শৌলখালি, ছোট হরিপুর সীমান্তবর্তী এ দুটি ইউনিয়নের ১৩টি গ্রামে ঝড়ে চম্বল, মেহগনিসহ বিভিন্ন প্রজাতির ছোট বড় অসংখ্য গাছপালা ভেঙে পড়ে লন্ডভন্ড হয়ে যায়।
প্রায় আধা ঘন্টার ব্যাপী এ ঘূর্ণিঝড়ে বলভদ্রপুর কাঠিপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের দেয়ালের ওপারে গাছ পড়ে দেয়াল ভেঙে পড়েছে। বনগ্রাম সেঞ্চুরি ইন্সটিটেশন বিদ্যালয় ও সম্মিলনী শিক্ষা নিকেতন মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেণি কক্ষের ছাউনির টিন উড়িয়ে নিয়ে গেছে। এছাড়াও বনগ্রামের দেড় শতাধিক কাঁচা পাকা বসত ঘর এবং হোগলাপাশার আড়াই শতাধিক বসতঘরের উপরে গাছপালা পড়ে আংশিক বিধ্বস্ত ও অর্ধ শতাধিক বসতবাড়ি সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে পড়েছে।
ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত গৃহ মালিক মোস্তফা শেখ, আব্দুর রব শেখ, মোহাম্মদ সেকেল গাজী, পঙ্কজ বাওয়ালি, স্বপন সেন, চান মালিসহ একাধিকরা বলেন, হঠাৎ ঘরের উপরে গাছ পড়ে বিকট শব্দে আমরা আঁতকে উঠি। ঘরের মালামালসহ ছেলে মেয়েদের বইপত্রও ভিজে গেছে। কি দিয়ে কি করবো জানিনা। বনগ্রাম সেঞ্চুরি ইনস্টিটিউশন বিদ্যালয় এর প্রধান শিক্ষক মিতা রাণী দে, সহকারী শিক্ষক কার্তিক চন্দ্র মন্ডল, ম্যানেজিং কমিটির সদস্য মৃণাল কান্তি দাস, ওবায়দুল সেখ বলেন, তাদের বিদ্যালয়ের শ্রেণিকক্ষের সম্পূর্ণ টিন উড়িয়ে নিয়ে গেছে। বড় বড় ৫০ টি চম্বল, মেহগনি গাছ ভেঙে পড়েছে। এতে বিদ্যালয়ের ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
বনগ্রাম ইউপি চেয়ারম্যান রিপন চন্দ্র দাস বলেন, ঘূর্ণিঝড়ে তার ইউনিয়নের দেড় শতাধিক বসত বাড়ি আংশিক ও সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। ৭শ একর কলা চাষীদের ব্যাপক ক্ষতি হয়েছে। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে অবহিত করা হয়েছে।
হোগলাপাশা ইউপি চেয়ারম্যান ফরিদুল ইসলাম বলেন, ঘূর্ণিঝড়ে তার ইউনিয়নে ২৫০ টি বসত ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, ব্যাপক গাছপালা ভেঙেছে, সম্মেলনী শিক্ষা নিকেতন মাধ্যমিক বিদ্যালয়ের ছাউনির সম্পূর্ণ টিন উড়িয়ে নিয়ে গেছে। বৌলপুর সড়কের উপর পড়ে থাকা বড় গাছ অপসারণের জন্য স্থানীয় ৫০ জন স্বেচ্ছাসেবক দিয়ে তিনি সকাল থেকে কাজ করাচ্ছেন। ক্ষতির বিষয়গুলো তিনি উপজেলা নির্বাহী অফিসারকে জানিয়েছেন।
এ সম্পর্কে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল জাবির বলেন, ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতির বিষয় সরজমিনে খোঁজ খবর নিয়ে ক্ষতিগ্রস্তদের তালিকার নিরূপণ করে বাগেরহাট জেলা প্রশাসক মহোদয়ের দপ্তরে পাঠানো হবে।
এ বিষয়ে বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতির মোড়লগঞ্জ জোনাল অফিসের ডি.জি.এম ওয়াদুদ খন্দকার বলে, ঘূর্ণিঝড়ের যেসব এলাকায় বিদ্যুতের খুঁটি ও তার পরে রয়েছে, সেগুলো অপসারণ করার জন্য ইতিমধ্যে মাঠ পর্যায় বিদ্যুৎ বিভাগের একাধিক টিম কাজ করছে। বিকেল ৪টা নাগাদ ৩৩ কেবি লাইন চালু করা যেতে পারে। পরবর্তীতে মফস্বল এলাকায় রাত ৯টার মধ্যে বিদ্যুৎ সংযোগ হবে বলে তিনি জানান।
উপজেলা নির্বাহী অফিসার এস এম তারেক সুলতান বলেন, ঘূর্ণিঝড়ে বনগ্রাম ও হোগলাপাশা ইউনিয়নসহ যে সমস্ত এলাকায় ক্ষয় ক্ষতি হয়েছে, সংশ্লিষ্ট ইউনিয়ন চেয়ারম্যানদের তালিকা করে জমা দেওয়ার জন্য বলা হয়েছে। সড়কের ওপারে পড়ে থাকা গাছপালা দ্রুত অপসারণ করে বিদ্যুৎ সংযোগ দেওয়ার জন্য বলা হয়েছে।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com