
যশোর সদর উপজেলার চাঁচড়া ইউনিয়নের বানিয়াবহু গ্রাম থেকে একটি কঙ্কাল উদ্ধার করা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের সন্দেহ, এটি ৪৭ বছর আগে নিখোঁজ হওয়া ওলিউল্লাহ মাস্টারের কঙ্কাল হতে পারে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৬ জুলাই) সকালে গ্রামের লিটন নামে এক ব্যক্তি তার বাড়ির উঠানের সামনে মাটি ধসে মানুষের খুলির মতো একটি বস্তু দেখতে পান। পরে তিনি বিষয়টি আশপাশের লোকজনকে জানালে তারা চাঁচড়া ফাঁড়ি পুলিশকে খবর দেন।
খবর পেয়ে চাঁচড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মামুনুর রশিদ ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে ওই স্থানে খনন করেন। সেখানে থেকে মানুষের মাথার খুলি এবং শরীরের বিভিন্ন অংশের হাড় উদ্ধার করা হয়।
চাঁচড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মামুনুর রশিদ জানিয়েছেন, কঙ্কালটি যে জায়গা থেকে উদ্ধার করা হয়েছে, সেটি মৃত ওলিউল্লাহ মাস্টারের ছেলে শহিদুল ইসলাম মন্টুর পরিত্যক্ত বসতভিটা।বিষয়টি নিশ্চিত করতে পুলিশ কঙ্কালটি ময়নাতদন্তে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। পাশাপাশি ডিএনএ পরীক্ষার জন্য কাজ করছে।
স্থানীয়দের দাবি, ওলিউল্লাহ মাস্টার ১৯৭৭ সালে হঠাৎ নিখোঁজ হন এবং এরপর আর তার কোনো খোঁজ মেলেনি। নিখোঁজের কিছুদিন পর তার তিন সন্তান ভিটাটি ছেড়ে যশোর শহরে চলে যান। বর্তমানে তার ছেলে শহিদুল ইসলাম মন্টু জীবিত রয়েছেন। তাদের ধারনা কঙ্কলটি ওলিউল্লাহ মাস্টোরের। এ ঘটনায় পুরো গ্রামজুড়ে চাঞ্চল্য ও কৌতূহল ছড়িয়ে পড়েছে।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com