
যশোর প্রতিনিধি।।
যশোর শহরের দড়াটানা জামে মসজিদ লেনে এক নারীর কানের সোনার দুল ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। সোমবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী নারী পারুল চক্রবর্তী। তিনি যশোর দাউদ পাবলিক স্কুলের শিক্ষক বিপ্লব চক্রবর্তীর মা।
পারুল চক্রবর্তীর ভাষ্য, সন্ধ্যায় এক স্বজনকে সঙ্গে নিয়ে গাড়িখানা রোড থেকে হেঁটে জামে মসজিদ লেন হয়ে এইচএমএম রোডের দিকে যাচ্ছিলেন। পথে একটি পেপার ও স্টেশনারি দোকানের সামনে পৌঁছালে পেছন দিক থেকে এক যুবক তাঁর দুই কানের দুল টেনে ছিঁড়ে নিয়ে দ্রুত লোহাপট্টির দিকে পালিয়ে যায়।
তিনি জানান, দুল টেনে নেওয়ার সময় তাঁর কানে আঘাত লাগে এবং রক্তক্ষরণ হয়। তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসেন। কয়েকজন ওই যুবককে ধাওয়াও করেন। তবে তাকে আটক করা সম্ভব হয়নি।
ঘটনার প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, ব্যস্ত সড়কে প্রকাশ্যে এ ধরনের ঘটনা ঘটায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
এ বিষয়ে যশোর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান, এ ঘটনায় এখন পর্যন্ত ভুক্তভোগী নারী বা তাঁর পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়নি। তবে ঘটনা জানার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com