
যশোর প্রতিনিধি।।
যশোর সদর উপজেলার সিলুমপুর গ্রামে মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাত ৯টার দিকে সিলুমপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সিলুমপুর যুব সমাজের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সিলুমপুর যুব সমাজের অভিভাবক মো. মশিউর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপস) মো. মিরাজুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন যশোর কেন্দ্রীয় কারাগারের সহকারী সার্জন ও এইচটিসির সভাপতি ডা. মো. সাজ্জাদ হোসেন।
বিশেষ অতিথি ছিলেন যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক শাহরিয়ার হোসেন। এ ছাড়া উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি লিটন হোসেন ও সংগঠনের উপদেষ্টা অ্যাডভোকেট বিল্লাল হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে মো. মিরাজুল ইসলাম বলেন, মাদক একজন ব্যক্তির পাশাপাশি তার পরিবার ও সমাজের ওপরও নেতিবাচক প্রভাব ফেলে। তরুণ প্রজন্মকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সমাজ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। শুধু পুলিশের পক্ষে মাদক নির্মূল করা সম্ভব নয়।
তিনি তরুণদের খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও ইতিবাচক সামাজিক কাজে সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দেন। পাশাপাশি এলাকায় মাদক কেনাবেচা বা সেবনের ঘটনা নজরে এলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর আহ্বান জানান।
সভায় বক্তারা বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে জনসচেতনতা বৃদ্ধি, তরুণদের নৈতিক মূল্যবোধ জাগ্রত করা এবং পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানে মাদকের কুফল সম্পর্কে সচেতনতা তৈরি করা জরুরি। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে সিলুমপুরকে মাদকমুক্ত ও আদর্শ গ্রাম হিসেবে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা।
আয়োজকরা জানান, মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা সৃষ্টি, তরুণদের মাদক থেকে দূরে রাখা এবং সুস্থ সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ করাই এ আয়োজনের মূল লক্ষ্য।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com