
মোঃ আব্দুর রহমান অনিক।।
চারপাশে এত আলো, এত কোলাহল, অথচ মনে হয় আমরা সবাই এক অন্তহীন অন্ধকারের বাসিন্দা। সকালের প্রথম অ্যালার্মের টোন থেকে শুরু করে গভীর রাতের নীল স্ক্রিনের আলো আমাদের জীবন এখন পিক্সেল আর অ্যালগরিদমের ছকে বাঁধা। কিন্তু এই নিখুঁত যান্ত্রিক সুশৃঙ্খলতার আড়ালে প্রতিদিন একটু একটু করে নিঃস্ব হয়ে যাচ্ছি আমরা। কখনও কি ভেবে দেখেছেন, শেষ কবে কোনো মানুষের চোখের দিকে তাকিয়ে তার ভেতরের অভিমান বা কষ্টটা বুঝতে পেরেছেন? নাকি আমাদের দৃষ্টি এখন কেবল স্ক্রিনের কাচে আটকে আছে?
আজকের আধুনিক সমাজে মানুষের সংখ্যা বাড়লেও মানুষের মধ্যকার দূরত্ব যেন আসমান-জমিন। আমরা যোগাযোগের মাধ্যম পেয়েছি মুঠোফোনে, কিন্তু হারিয়ে ফেলেছি যোগাযোগের আসল উষ্ণতা। ইমোজি দিয়ে ভালোবাসা প্রকাশ করা যায়, কিন্তু কাঁধে হাত রেখে সান্ত্বনা দেওয়ার অনুভূতি কি কোনো প্রযুক্তি দিতে পারে? উত্তরটা সবারই জানা, তবুও আমরা সবাই এক অদ্ভুত কৃত্রিমতার চাদরে নিজেদের মুড়ে রেখেছি। বিশ্বাসের জায়গাগুলোতে আজ গভীর ফাটল। মানুষ এখন আর অন্য মানুষকে সহজে বিশ্বাস করতে পারে না; বিশ্বাসের জায়গা দখল করেছে সংশয়, সন্দেহ আর স্বার্থের হিসাব-নিকাশ।
সবচেয়ে বড় বিড়ম্বনা হলো, আমরা এমন এক যুগে বাস করছি যেখানে সবাই কথা বলতে চায়, কিন্তু কেউ কারও কথা শুনতে রাজি নয়। মঞ্চে, টকশোতে, সোশ্যাল মিডিয়ার পাতায় শব্দের পর শব্দ ছিটকে পড়ছে; কিন্তু কারো অন্তরের গভীরে গিয়ে পৌঁছানোর মতো ধৈর্য আজ কারও নেই। সবাই নিজের মতো করে সঠিক প্রমাণ করতে ব্যস্ত। এই আত্মকেন্দ্রিক দৌড়ে আমরা হারিয়ে ফেলছি আমাদের সহমর্মিতা, আমাদের মানবিকতা।
অথচ জীবন এত দীর্ঘ নয়। একটি চায়ের কাপে ধোঁয়া ওঠার সময়টুকু কিংবা জানালারধারে দাঁড়িয়ে এক ফালি বিকেলের রোদ দেখার ফুরসত আজ আমাদের নেই। আমরা ছুটছি, পেছনের তাড়া খাওয়া পশুর মতো ছুটছি কোনো এক অদৃশ্য গন্তব্যের দিকে, যা হয়তো শেষ পর্যন্ত শুধুই শূন্যতা।
সময় এসেছে একটু থমকে দাঁড়ানোর। এই ইঁদুর দৌড় থেকে নিজেকে মুক্ত করে নিজের ভেতরের মানুষটাকে আরেকবার প্রশ্ন করার আমরা কি আসলেই বাঁচছি, নাকি কেবল বেঁচে থাকার অভিনয় করে যাচ্ছি? আসুন, স্ক্রিন থেকে চোখ সরিয়ে পাশের মানুষটার হাত ধরি, বিশ্বাস আর ভালোবাসার সেতুগুলো মেরামত করি। কারণ দিনশেষে সোশ্যাল মিডিয়ায় লাইক-কমেন্ট বা অর্জিত বিত্ত নয়, আমাদের হৃদয়ের গভীরের শান্তি আর মানুষের ভালোবাসাই একমাত্র চিরন্তন সত্য হয়ে থেকে যায়।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com