অনলাইন ডেস্ক।।
পটুয়াখালীর রাঙ্গাবালীতে ৫ কোটি ২৪ লাখ টাকা ব্যয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) একটি সড়ক নির্মাণ প্রকল্পে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয়রা বলছেন, শুরু থেকেই নকশা বহির্ভূতভাবে মানহীন সামগ্রী ব্যবহার করে কাজ চালাচ্ছে ঠিকাদারের লোকজন। সবার চোখের সামনেই নিম্নমানের কাজ হলেও কর্তৃপক্ষ যেন দেখেও না দেখার ভান করছে।
এলজিইডি সূত্রে জানা যায়, ২০২৩-২৪ অর্থবছরে উপজেলার কাছিবুনিয়া লঞ্চঘাট বাজার থেকে বাহেরচর বাজার পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার আরসিসি সড়ক নির্মাণের দরপত্র আহ্বান করা হয়।
কাজের মান নিয়ে ক্ষোভ প্রকাশ করে স্থানীয়রা জানান, নির্মাণ শুরুর পর থেকেই অনিয়ম হচ্ছে। এখন পর্যন্ত যতটুকু ঢালাই হয়েছে তার সবগুলোতেই নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে। ঢালাইয়ের পরপরই পাথর উঠে যাচ্ছে, ফলে সড়কটির স্থায়ীত্ব নিয়েও জনমনে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
দেখা যায়, ঢালাই কাজে ব্যবহৃত পাথর ও বালুর সঙ্গে কাদামাটি মিশে আছে। নকশা অনুযায়ী প্রতি ৭ ইঞ্চি পরপর ১০ মিলি রড দিয়ে ঢালাই করার কথা থাকলেও, সেখানে মাত্র ৯ ইঞ্চি ব্যবধান রেখে দুই ইঞ্চি বাড়তি পাথর দিয়ে কাজ চালানো হচ্ছে।
বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে কাজের রাজমিস্ত্রি আলমগীর হোসেন আংশিক অনিয়মের কথা স্বীকার করেন। অন্যদিকে, প্রকল্পের ঠিকাদার দশমিনা উপজেলার জুয়েল মোল্লা মোবাইলে বলেন, 'আমি শ্রমিকদের ডিজাইন অনুযায়ী কাজ করার নির্দেশ দিয়েছিলাম। এর বাইরে কাজ করতে নিষেধও করেছিলাম।'
এ প্রসঙ্গে উপজেলা প্রকৌশলী মো. হাবিবুর রহমান বলেন, 'ঠিকাদার আমাদের না জানিয়েই কাজ শুরু করেছে। বিষয়টি জানার পর আমি প্রতিনিধি পাঠিয়ে কাজ বন্ধ করে দিয়েছি।'
স্থানীয়দের দাবি, সড়কটি যেন টেকসই হয় এবং সরকারি অর্থ যেন সঠিকভাবে ব্যবহার হয়, সে জন্য প্রশাসনের কড়া নজরদারি প্রয়োজন।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com