
কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: এলাকায় সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে দুইপক্ষের সংঘর্ষে নিহত হয় মহব্বত আলী ও ইউনুচ আলী নামে আপন দুই ভাই। নিহতদের রাজনৈতিক পরিচয় নিয়ে এখন জামায়াত ও বিএনপির মধ্যে চলছে রশি টানাটানি। বিএনপির নেতাদের দাবি. নিহতরা জামায়াত কর্মী আর জামায়াত বলছে তারা কখনও তাদের কর্মী ছিলো না। এ নিয়ে ইতোমধ্যে দুই দলই সংবাদ সম্মেলন করেছে। কালীগঞ্জ জামাল ইউনিয়নের ওই নিহতের ঘটনাটি নিয়ে এখন রাজনৈতিক অঙ্গনে নানা তর্ক বিতর্ক ও সমালোচনার ঝড় উঠেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কালীগঞ্জ উপজেলার জামাল ইউনিয়নের সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির নজরুল ইসলাম মোল্ল্যার সঙ্গে দীর্ঘদিন ধরে বিএনপির অপর পক্ষ আরিফ হোসেন, আশরাফের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিলো। এরই জের ধরে গত ১ জুন সকালে ওই ইউনিয়নের পারখালকুলা গ্রামে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সংঘর্ষে ওইদিন মহব্বত আলী নিহত ও তার ভাই ইউনুচ আলীসহ ৫ জন আহত হন। এ ঘটনার তিন দিন পর চিকিৎসাধীন অবস্থায় ইউনুচ আলীও মারা যান। এরপর থেকে নিহত দুই ভাইকে নিয়ে শুরু হয় রাজনৈতিক পরিচয় নিয়ে বিএনপি ও জামায়াতের মধ্যে রশি টানাটানি। চলে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন।
এ নিয়ে গত ১১ জুন বিএনপির পক্ষ থেকে করা এক সংবাদ সম্মেলনে নিহতদের মধ্যে ইউনুচ আলীকে জামায়াত কর্মী বলে উল্লেখ করা হয়। এবং বলা হয় তারা দীর্ঘদিন জামায়াতের রাজনীতির সাথে জড়িত। যার প্রমাণ হিসেবে জামায়াতের একটি অনুষ্ঠানে নিহত ইউনুছ আলীর উপস্থিতির ছবিও তুলে ধরা হয়। এরপর নড়েচড়ে বসে জামায়াত। তারা বিএনপির সংবাদ সম্মেলনের আপত্তিকর বক্তব্যের প্রতিবাদে পাল্টা জবাবে একদিন পরই শনিবার উপজেলা জামায়াতের পক্ষ থেকে পাল্টা সংবাদ সম্মেলন করে। জামায়াত নেতৃবৃন্দ জানায়, ইউনুচ আলী কখনও তাদের কর্মী ছিলেন না। উপজেলা জামায়াতের আমির আব্দুল হক মোল্লা স্পষ্টভাবে বলেন, “নিহত মতব্বত আলী ও ইউনুছ আলী কখনও জামায়াতের সঙ্গে সম্পৃক্ত ছিলেন না। তবে, তারা এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দাসহ হত্যাকারীদের শাস্তির দাবি জানিয়েছে।
জামায়াত নেতৃবৃন্দ অভিযোগের সুরে আরো বলেন, কালীগঞ্জ উপজেলা বিএনপি আয়োজিত সংবাদ সম্মেলনে যগ্ম আহবায়ক ইলিয়াস রহমান মিঠু নিহত ইউনুছ আলীকে জামায়াত কর্মী ও সন্ত্রাসী বলে উল্লেখ করেছেন। অথচ হত্যাকাণ্ডের পর বিএনপির জেলা ও উপজেলার একাধিক শীর্ষ নেতা নিহত ইউনুছ আলীকে বিএনপির কর্মী বলে উল্লেখ করেছেন। এরপরও বিএনপি তাদের দলীয় কর্মীকে সন্ত্রাসী ও জামায়াতের কর্মী উল্লেখ করে জামায়াতকে সন্ত্রাসী সংগঠন হিসাবে উপস্থাপন করার চেষ্টা করেছেন। যা মোটেও কাম্য নয়।
ওই হত্যাকাণ্ড নিয়ে বিএনপি ও জামায়াত টানা হেঁচড়া চললেও নিহতদের মেঝো ভাই ইয়াকুব আলী বিশ্বাস তাদের এলাকায় মানববন্ধনে ভাইয়ের হত্যাকারীদের বিচার চেয়ে বলেছেন, তারা পুরাতন বিএনপি পরিবারের মানুষ। তার ভাই বিএনপি কর্মী হওয়ায় আওয়ামী লীগের ভয়ে ১৬ বছর পালিয়ে ছিলেন। আওয়ামী লীগ সরকার পতনের পর দেশে এসে তার দলের সন্ত্রাসীদের হাতেই জীবন দিতে হলো। এখন রাজনৈতিক পরিচয় নয়, তিনি তার ভাইদের হত্যার বিচার চান।
সর্বশেষ নিহতদের রাজনৈতিক পরিচয় নিয়ে বিএনপি-জামায়াতের রশি টানাটানিতে শহর গ্রামাঞ্চলে নেতাকর্মীদের মাঝে জোরেশোরে চলছে আলোচনা সমালোচনা। পক্ষ বিপক্ষ গ্রুপ প্রতিনিয়ত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পাল্টাপাল্টি ছবি স্ট্যাটাস দিয়ে চলেছে। এ নিয়েই এখন কালীগঞ্জের রাজনৈতিক অঙ্গনে টক অব দা টাউনে পরিণত হয়েছে।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com