আন্তর্জাতিক ডেস্ক।।
জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) ছাড়পত্র নিয়ে বৈধভাবে কর্মসংস্থানের উদ্দেশ্যে লাওসে গিয়েছিলেন ২০ বাংলাদেশি। প্রতিশ্রুতি ছিল রেস্টুরেন্টে চাকরির। কিন্তু দেশটিতে পৌঁছে খুঁজে পাননি প্রতিশ্রুত কোম্পানি কিংবা কর্মস্থল। আড়াই মাসের বেশি সময় ধরে কাজ না পেয়ে বর্তমানে খাদ্য, অর্থ ও আবাসন সংকটে পড়েছেন তারা। বাড়িভাড়া পরিশোধ করতে না পারায় আজ ২৩ নভেম্বর তাদের বাসা ছাড়ার চূড়ান্ত নোটিশও দেওয়া হয়েছে।
এ অবস্থায় লাওসে আটকে পড়া এসব বাংলাদেশির নিরাপত্তা, খাদ্য ও আবাসন নিশ্চিত করা এবং প্রতারণায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর কাছে লিখিত আবেদন করেছে অনির্বাণ সারভাইভার ভয়েস ফাউন্ডেশন বাংলাদেশ।
আবেদনে উল্লেখ করা হয়, মেসার্স টিকে এন্টারপ্রাইজ (আরএল-১৫২৭) লাওসের সাউদার্মানি সোল কোম্পানি লিমিটেডের নামে ৩০ জন কর্মীর চাহিদাপত্র সংগ্রহ করে। পরে মেসার্স টিকে এন্টারপ্রাইজ, শাইনিং ওভারসিস (আরএল-২৭১৬) এবং মধ্যস্থতাকারী কার্তিক খান্নার মাধ্যমে বিএমইটির ছাড়পত্র নিয়ে ২০২৬ সালের আগস্ট ও সেপ্টেম্বর মাসে বিভিন্ন সময়ে কর্মীদের লাওসে পাঠানো হয়।
ভুক্তভোগীদের অভিযোগ, লাওসের ‘রেডিশন রেস্টুরেন্টে’ চাকরির কথা বলে তাদের পাঠানো হলেও সেখানে পৌঁছে কোম্পানি কিংবা কর্মস্থলের কোনো সন্ধান পাননি তারা। লাওসে অবস্থানরত বাংলাদেশি প্রতিনিধি সৈকত তাদের রাজধানী ভিয়েনতিয়েনের পার্শ্ববর্তী একটি বাসায় রেখে চলে যান। এরপর থেকে তাদের কর্মসংস্থান, ভরণপোষণ কিংবা নিরাপদ আবাসনের কোনো ব্যবস্থা করা হয়নি।
দীর্ঘদিন কর্মহীন থাকায় বর্তমানে চরম অর্থ ও খাদ্যসংকটে দিন কাটছে তাদের। বাসাভাড়া পরিশোধ করতে না পারায় বাড়ির মালিক ২৩ নভেম্বর বাসা ছাড়ার চূড়ান্ত নোটিশ দিয়েছেন। ফলে যেকোনো সময় আশ্রয়হীন হয়ে পড়ার আশঙ্কায় রয়েছেন কর্মীরা। বিদেশে জীবিকার সন্ধানে গিয়ে এখন তাদের দেশে ফেরা, খাবার ও নিরাপদ আশ্রয় নিয়েই অনিশ্চয়তা তৈরি হয়েছে।
ভুক্তভোগীদের আরও অভিযোগ, বাংলাদেশে অবস্থানরত মধ্যস্থতাকারী ও রিক্রুটিং এজেন্সির সঙ্গে যোগাযোগ করলে জানানো হয়, সংশ্লিষ্ট এজেন্সি অর্থ পরিশোধ না করায় তাদের কাজে নিয়োগ দেওয়া সম্ভব হচ্ছে না। এমনকি কাজ পেতে নতুন করে অর্থ দেওয়ার কথাও বলা হচ্ছে। অথচ বিদেশে যাওয়ার জন্য প্রত্যেক কর্মী ইতোমধ্যে প্রায় ৬ লাখ টাকা ব্যয় করেছেন। নতুন করে অর্থ দেওয়ার চাপ তাদের সংকট আরও বাড়িয়ে তুলেছে।
কর্মসংস্থান ও নিরাপদ প্রত্যাবাসনের ব্যবস্থা না হওয়ায় কয়েকজন কর্মী বাধ্য হয়ে অনিরাপদ ও অনিয়মিত উপায়ে কাজ খোঁজার চেষ্টা করছেন। এতে তারা স্থানীয় আইনি জটিলতা, শোষণ এবং পুনরায় মানবপাচারের ঝুঁকিতে পড়তে পারেন বলে উদ্বেগ প্রকাশ করেছে অনির্বাণ।
সংগঠনটির সভাপতি মো. আল-আমিন নয়ন বলেন, ‘মানুষ জীবিকার আশায় বৈধ প্রক্রিয়ায় বিদেশে যান। কিন্তু কর্মস্থলে পৌঁছে যদি কাজ বা কোম্পানি না পান, খাবার ও থাকার জায়গা হারানোর ভয় থাকে, তাহলে তাদের নিরাপত্তার দায়িত্ব কে নেবে? বিদেশে কর্মসংস্থানের নামে মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা নিয়ে তাদের এমন অনিশ্চয়তার মধ্যে ফেলে রাখা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা চাই, এই কর্মীদের অবিলম্বে নিরাপত্তা, খাবার ও আবাসন নিশ্চিত করা হোক এবং দায়ীদের জবাবদিহির আওতায় আনা হোক।’
প্রতিমন্ত্রীর কাছে পাঠানো আবেদনে সংগঠনটি জরুরি ভিত্তিতে সংশ্লিষ্ট বাংলাদেশ দূতাবাস বা দায়িত্বপ্রাপ্ত মিশনের মাধ্যমে কর্মীদের বর্তমান অবস্থা যাচাইয়ের দাবি জানিয়েছে। একই সঙ্গে তাদের নিরাপদ আবাসন ও খাদ্য সহায়তা নিশ্চিত এবং প্রতিশ্রুত কর্মসংস্থানের ব্যবস্থা করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ করা হয়েছে।
আবেদনে বলা হয়েছে, কর্মসংস্থান নিশ্চিত করা সম্ভব না হলে দ্রুত নিরাপদে তাদের দেশে ফিরিয়ে আনতে হবে। পাশাপাশি অভিবাসন ব্যয় বাবদ প্রত্যেকের দেওয়া প্রায় ৬ লাখ টাকা সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সি ও দায়ীদের কাছ থেকে আদায় করে ফেরত দেওয়ার দাবি জানানো হয়েছে।
এ ছাড়া মেসার্স টিকে এন্টারপ্রাইজ (আরএল-১৫২৭), শাইনিং ওভারসিস (আরএল-২৭১৬) এবং সংশ্লিষ্ট মধ্যস্থতাকারীদের বিরুদ্ধে অভিযোগ তদন্ত করে প্রমাণের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছে সংগঠনটি।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com