
আন্তর্জাতিক ডেস্ক :
মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও তীব্র আকার ধারণ করেছে। লেবানন-এর বিভিন্ন এলাকায় ইসরায়েলির ব্যাপক বিমান হামলায় অন্তত ২৫৪ জন নিহত এবং ১১৬৫ জন আহত হয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে কাতারভিত্তিক
সংবাদমাধ্যম-আল জাজিরা এ তথ্য জানিয়েছে।
জানা গেছে, বৈরুতসহ দেশের একাধিক অঞ্চলে বুধবার এই ভয়াবহ হামলা চালানো হয়। উল্লেখযোগ্যভাবে, যুক্তরাষ্ট্র ও ইরান-এর মধ্যে যুদ্ধবিরতি চুক্তি ঘোষণার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই এই হামলার ঘটনা ঘটে।
লেবাননের পার্লামেন্ট স্পিকার নাবিহ বেরি এ ঘটনাকে ‘পূর্ণমাত্রার যুদ্ধাপরাধ’ হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি জানান, বৈরুতের দক্ষিণ শহরতলি, বেকা উপত্যকা, মাউন্ট লেবানন, সিদন এবং দক্ষিণ লেবাননের বিভিন্ন গ্রামে একযোগে হামলা চালানো হয়েছে। জনবহুল এসব এলাকায় আঘাত হানায় বহু বেসামরিক মানুষ হতাহত হয়েছেন।
নাবিহ বেরি আরও বলেন, “আজকের এই হামলা আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য একটি বড় পরীক্ষা। এটি আন্তর্জাতিক আইন, রীতি ও কনভেনশনের প্রতি চরম অবজ্ঞার শামিল।”
হামলার আগে হিজবুল্লাহ কর্মকর্তারা জানিয়েছিলেন, তারা যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতির প্রতি সম্মান জানিয়ে ইসরায়েলে হামলা স্থগিত রেখেছে। তবে সেই ঘোষণার পরও ইসরায়েলের বিমানবাহিনী মাত্র ১০ মিনিটের ব্যবধানে বৈরুতসহ বিভিন্ন এলাকায় প্রায় ১০০টি বিমান হামলা চালায় বলে অভিযোগ উঠেছে।
এদিকে, তেহরান দাবি করে আসছে যে লেবানন ফ্রন্টও এই যুদ্ধবিরতির আওতায় রয়েছে। যদিও এ দাবি প্রত্যাখ্যান করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
অন্যদিকে, ইসরায়েলের সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির জানিয়েছেন, কোনো ধরনের আপস ছাড়াই হিজবুল্লাহর বিরুদ্ধে সামরিক অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com