অনলাইন ডেস্ক।।
যশোরের শার্শা উপজেলার শালকোনা সীমান্ত দিয়ে রাতের অন্ধকারে একজন ভারতীয় নাগরিকসহ তিনজনকে পুশইন করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে তাদেরকে পুশইন করা হয়।
পুশইন করা ব্যক্তিরা হলেন, খুলনার ডুমুরিয়া থানার শেখপাড়া এলাকার মৃত শহিদ শেখের ছেলে শাহিন শেখ (৩০) ও সাগর শেখ (২৮)। তাদের সাথে জোরপূর্বক ভারতের আসাম প্রদেশের গোয়ালপাড়া জেলার মাটিয়া থানার ভৌতিচর গ্রামের মৃত আবজেল শেখের ছেলে আনোয়ার হোসেনকে (২৫) পুশইন করে।
শার্শা থানা সূত্রে জানা যায়, গোড়পাড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা রাতে ডিউটি করার সময় সীমান্তের নারিকেলবাড়িয়া গ্রামের রাস্তা দিয়ে তিনজন লোক আসতে দেখে তাদেরকে জিজ্ঞাসাবাদ করেন। পরে তারা জানান, বিএসএফ তাদেরকে তারকাঁটা পার করে এপাশে পাঠিয়েছে। পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়।
আটক শাহিন শেখ জানান, দীর্ঘদিন তারা দুইভাই ভারতের হরিয়ানা রাজ্যে শ্রমিকের কাজ করতেন। গত ৫ আগস্ট সেখানকার পুলিশ তাদেরকে আটক করে। পরে পুলিশ তাদেরকে সীমান্তে নিয়ে এসে বিএসএফর হাতে তুলে দেয়। গত কয়েক দিন বিএসএফ ক্যাম্পে আটক থাকার পর শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে তাদেরকে সীমান্তের এপাশে পার করে দেয়। পরে পুলিশ তাদের আটক করে।
তাদের সাথে থাকা ভারতীয় নাগরিক সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা তাকে চিনি না বিএসএফ ক্যাম্পে তার সাথে দেখা হয়’।
শার্শা থানার অফিসার ইনচার্জ কেএম রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, রাতে সীমান্ত দিয়ে পুশইন হয়ে আসা তিনজনকে পুলিশ আটক করেছে। তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে জানতে চাইলে শালকোনা বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার শরিফ কবির আহমেদ জানান, বিষয়টি তাদের জানা নাই।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com