অনলাইন ডেস্ক।।
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ইস্যু করার আবেদনের সর্বশেষ অগ্রগতি জানতে নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে আবারও চিঠি দিয়েছে যুক্তরাজ্যের আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্স।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ম্যাট্রিক্স চেম্বার্সের ব্যারিস্টার স্টিভেন পাওলেস নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনারের কাছে এই চিঠি পাঠান। এবারের চিঠির সঙ্গে শেখ হাসিনার স্বাক্ষরিত একটি প্রত্যয়নপত্র বা আইনি প্রতিনিধিত্ব করার অনুমতিপত্রও সংযুক্ত করা হয়েছে।
চিঠিতে ব্যারিস্টার স্টিভেন পাওলেস উল্লেখ করেন, গত ৯ নভেম্বর পাঠানো পূর্ববর্তী চিঠির ধারাবাহিকতায় শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডি আবেদনের হালনাগাদ তথ্য জানতে চাওয়া হয়েছে। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে যে নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যুর অনুরোধটি ইতোমধ্যে হাইকমিশনে পৌঁছেছে। তবে তিনি আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনার পক্ষে প্রতিনিধিত্ব করছেন কি না, সে বিষয়ে নিশ্চিতকরণের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়।
এই প্রেক্ষাপটে শেখ হাসিনার পক্ষ থেকে আইনি প্রতিনিধিত্ব করার স্বাক্ষরিত অনুমতিপত্রটি চিঠির সঙ্গে যুক্ত করে পাঠানো হয়েছে। পাশাপাশি পাসপোর্ট ও এনআইডি আবেদনের বিষয়ে নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশনের কাছ থেকে জরুরি ভিত্তিতে আনুষ্ঠানিক জবাব প্রত্যাশা করেছে যুক্তরাজ্যের এই আইনি প্রতিষ্ঠানটি।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com