
অনলাইন ডেস্ক।
সম্প্রতি এক আরটিআই জবাব থেকে দাবি করা হয়েছিল যে ৮৮ হাজার ৩২ কোটি মূল্যের ৫০০ টাকার নোট উধাও হয়েছে ভারতীয় অর্থনীতি থেকে। এই দাবি ঘিরে হইচই পড়ে যায়। তবে সেই আরটিআই জবাব ঘিরে তৈরি হওয়া জল্পনার প্রেক্ষিতে এবার মুখ খুলল খোদ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।
সম্প্রতি ৫০০ টাকার নোট নিয়ে একটি আরটিআই করেছিলেন মনোরঞ্জন রায়। তিনি দাবি করেন, ২০১৫ সালের এপ্রিল মাস থেকে ২০১৬ সালের ডিসেম্বর পর্যন্ত টাঁকশালে ছাপানো ৫০০ টাকার নোটের সংখ্যা হল ৮৮১.০৬৫ কোটি। তবে এর মধ্যে নাকি ৭২৬ কোটি ৫০০ টাকার নোটই আরবিআই-এর হাতে এসে পৌঁছায়।
মনোরঞ্জন রায়ের পাওয়া আরটিআই তথ্য অনুযায়ী, ১৭৬ কোটি ৫০০ টাকার নোটের কোনও ঠিকানা জানা যায়নি। অর্থাৎ, ৮৮ হাজার ৩২ কোটি মূল্যের ৫০০ টাকার নোট উধাও হয়েছে। তবে এই নোট উধাওয়ের খবরকে 'ভুয়ো' আখ্যা দিয়েছে আরবিআই। কেন্দ্রীয় ব্যাঙ্ক জানিয়েছে, টাঁকশাল থেকে বের হওয়া প্রতিটি ৫০০ টাকার নোটেরই হিসেব রয়েছে।
আরবিআই জানায়, ব্যাঙ্ক নোট ছাপানো এবং তা ব্যাঙ্ক পর্যন্ত আসার বিষয়ে কড়া নজরদারি চালানো হয়। প্রসঙ্গত, ভারতের তিনটি টাঁকশালে ৫০০ টাকার নোট ছাপানো হয়। বেঙ্গালুরুর মুদ্রণ লিমিটেড, নাশিকের কারেন্সি নোট প্রেস এবং মধ্যপ্রদেশের দেওয়াসের ব্যাঙ্ক নোট প্রেসে ৫০০-র নোট ছাপানো হয়ে থাকে।
আরটিআই অনুযায়ী, ২০১৫ সালের এপ্রিল থেকে ২১ মাসে নাশিকের টাঁকশাল ১৬৬.২ কোটি ৫০০ টাকার নোট পাঠিয়েছিল আরবিআই-কে। এদিকে বেঙ্গালুরুর মুদ্রণ প্রেসের থেকে ৫১৯.৫৬৫ কোটি ৫০০ টাকার নোট পাঠানো হয়। এছাড়া মধ্যপ্রদেশের দেওয়াসের থেকে আরবিআই-কে পঠানো হয়েছিল ১৯৫.৩ কোটি ৫০০ টাকার নোট। সব মিলিয়ে ৮৮১.০৬৫ কোটি নোট আরবিআই-কে পাঠিয়েছিল এই তিন টাঁকশাল। তবে এর মধ্যে নাকি ৭২৬ কোটি ৫০০ টাকার নোটই আরবিআই-এর হাতে এসে পৌঁছায়।
এদিকে সম্প্রতি আরবিআই একটি রিপোর্ট প্রকাশ করে দাবি করেছিল যে দেশে নকল ৫০০ টাকার নোট ১৪.৪ শতাংশ বেড়েছে ২০২২-২৩ অর্থবর্ষে। গত অর্থবর্ষে মোট ৯১,১১০টি ভুয়ো ৫০০ টাকার নোট বাজেয়াপ্ত হয়েছে। এদিকে ভুয়ো ২০০০ টাকার নোটের সংখ্যা কমেছে ২০২২-২৩ অর্থবর্ষে। গতবছর মাত্র ৯৮০৬টি ভুয়ো ২০০০ টাকার নোট বাজেয়াপ্ত করা হয়েছে দেশে।
অন্য গ্যালারিগুলি
সুত্র: হিন্দুস্তান টাইমস বাংলা।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com