
সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরা শহরে মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে দুই বাড়িতে কোটি টাকার স্বর্ণালংকার ও নগদ অর্থ চুরি হওয়ার ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার ও বুধবার রাতে শহরের বিভিন্ন এলাকা থেকে স্বর্ণালংকারসহ কোটি টাকার মালামাল লুট হওয়ার পর নগরবাসী আতঙ্কিত।
বুধবার রাত ৮টার দিকে শহরের পুলিশ লাইনস সংলগ্ন মেহেদীবাগ এলাকায় আরটিভির জেলা প্রতিনিধি রামকৃষ্ণ চক্রবর্তীর বাড়িতে দুর্বৃত্তরা প্রধান গেট ও ঘরের তালা ভেঙে প্রবেশ করে নগদ ৮ লাখ টাকা ও ৪০ ভরি স্বর্ণালংকারসহ এক কোটি টাকার বেশি মালামাল লুট করে নেয়। পরিবার দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শনে বের থাকায় এই সুযোগ নেয় চোরেরা।
এর আগের দিন মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় শহরের উত্তর কাটিয়া এলাকায় পিপি চন্দ্র জুয়েলার্সের মালিক গৌতম চন্দ্রের বাড়িতে জানালার গ্রিল ও তালা ভেঙে ৬৫ ভরি স্বর্ণালংকার ও নগদ দেড় লাখ টাকা নিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। লুট হওয়া মালামালের বাজারমূল্য প্রায় ১ কোটি ১৮ লাখ টাকা বলে জানা গেছে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামিনুল হক জানান, দুর্গাপূজার সময় বাড়ি ফাঁকা রেখে চলাচলের সুযোগ নিয়ে চোরেরা চক্রবদ্ধ হয়ে এসব চুরি ঘটাচ্ছে। তিনি সকলকে সজাগ থাকার আহ্বান জানান এবং দ্রুত চোরদের গ্রেপ্তারের জন্য অভিযান চালানোর প্রতিশ্রুতি দেন।
স্থানীয়রা পুলিশের টহল বৃদ্ধির পাশাপাশি সিসিটিভি নজরদারি বাড়ানোর দাবি জানিয়ে দ্রুত চোরদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন, যাতে দুর্গাপূজার সময় এ ধরনের চুরি প্রতিরোধ করা যায়।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com