অনলাইন ডেস্ক।।
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য ৪ লাখ ২২ হাজার ৯০৫ শিক্ষার্থীকে বিশেষ পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হলেও আবেদন করেছেন মাত্র ১ লাখ ৫৮ হাজার ২৬৮ জন। অর্থাৎ সুযোগ থাকা সত্ত্বেও আবেদন করেননি ২ লাখ ৬৪ হাজার ৬৩৭ জন। মোট যোগ্য শিক্ষার্থীর প্রায় ৬৩ শতাংশই এই সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য আবেদন করেননি। ফলে শিক্ষাবর্ষ বাঁচানোর বিশেষ উদ্যোগের সুফল কতটা শিক্ষার্থীদের কাছে পৌঁছাচ্ছে, তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।
শিক্ষাবিদদের মতে, অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য বিশেষ পরীক্ষার ব্যবস্থা নিঃসন্দেহে ইতিবাচক উদ্যোগ। এর মাধ্যমে এক বা দুই বিষয়ে ব্যর্থ হওয়া শিক্ষার্থীরা পরবর্তী শিক্ষাবর্ষ পর্যন্ত অপেক্ষা না করেই ফল উন্নয়নের সুযোগ পাচ্ছেন। তবে বিপুলসংখ্যক শিক্ষার্থী আবেদন না করায় এর পেছনের কারণ খতিয়ে দেখা প্রয়োজন। শিক্ষার্থীদের অনাগ্রহ, উচ্চশিক্ষায় ভর্তির অনিশ্চয়তা কিংবা পারিবারিক ও আর্থিক পরিস্থিতি- কোন বিষয়টি বেশি প্রভাব ফেলছে, তা অনুসন্ধান জরুরি।
সুযোগ পেয়েও আবেদন করেননি অধিকাংশ : আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির তথ্য অনুযায়ী, এবার এইচএসসি ও সমমান পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডে মোট ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থী অংশ নেন। তাদের মধ্যে পাস করেছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। অকৃতকার্য হয়েছেন ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন। এদের মধ্যে এক বিষয়ে ফেল করেছেন ২ লাখ ৯৮ হাজার ৪০ জন এবং দুই বিষয়ে ১ লাখ ২৪ হাজার ৮৬৫ জন।
এই দুই শ্রেণির মোট ৪ লাখ ২২ হাজার ৯০৫ জনকে সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। গত ৫ থেকে ৯ নভেম্বর পর্যন্ত আবেদন গ্রহণ করা হয়। নির্ধারিত সময়ে আবেদন জমা দিয়েছেন ১ লাখ ৫৮ হাজার ২৬৮ জন। তাদের আবেদনে বিষয়ভিত্তিক পরীক্ষার সংখ্যা ৩ লাখ ৮৭ হাজার ৫৯৩টি।
অর্থাৎ সুযোগ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে প্রায় ৩৭ শতাংশ আবেদন করেছেন। বাকি প্রায় ৬৩ শতাংশ আবেদন করেননি। তবে আবেদন না করার পেছনে তাদের সুনির্দিষ্ট কারণ কী, সে বিষয়ে বোর্ডের পরিসংখ্যানে কোনো ব্যাখ্যা নেই।
উচ্চশিক্ষায় ভর্তির অনিশ্চয়তা : সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নিতে যাওয়া শিক্ষার্থীদের একটি বড় অংশের লক্ষ্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া। কিন্তু বিশেষ পরীক্ষায় উত্তীর্ণ হলেও দেশের কয়েকটি শীর্ষ বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন করার সুযোগ না পাওয়ার আশঙ্কা রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রমের সময়সূচির সঙ্গে বিশেষ পরীক্ষার ফল প্রকাশের সময়ের ব্যবধান থাকায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে।
শিক্ষার্থীদের অভিযোগ, বিশেষ পরীক্ষায় পাস করেও পছন্দের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নিতে না পারলে এই উদ্যোগের উদ্দেশ্য পুরোপুরি বাস্তবায়িত হবে না। বিশ্ববিদ্যালয়ভেদে ভিন্ন সিদ্ধান্তের কারণে উচ্চশিক্ষায় প্রবেশের ক্ষেত্রেও অসম সুযোগ তৈরি হচ্ছে।
রাজধানীর একটি কলেজের শিক্ষার্থী সাদমান (ছদ্মনাম) এক বিষয়ে অকৃতকার্য হয়েছেন। তার ভাষ্য, বাকি বিষয়গুলোতে ভালো ফল করলেও একটি বিষয়ে ব্যর্থতার কারণে বিশ্ববিদ্যালয়ে ভর্তির স্বপ্ন অনিশ্চিত হয়ে পড়েছে। বিশেষ পরীক্ষায় উত্তীর্ণ হলেও পছন্দের বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে না পারলে তার একটি শিক্ষাবর্ষ বাঁচানোর উদ্যোগ কাজে আসবে না।
শিক্ষাবর্ষের দীর্ঘসূত্রতা কমাতে দ্রুত পরীক্ষা ও ফল প্রকাশের উদ্যোগ নেওয়া হলেও বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি কার্যক্রমের সঙ্গে সমন্বয়ের ঘাটতি রয়ে গেছে। ফলে পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের একাংশের জন্য উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ অনিশ্চিত হয়ে পড়তে পারে।
শিক্ষা ড. মোজাম্মেল হক চৌধুরী বলেন, শুধু পরীক্ষা আয়োজন ও দ্রুত ফল প্রকাশ করলেই উদ্যোগের পূর্ণ সুফল নিশ্চিত হবে না। কেন বিপুলসংখ্যক শিক্ষার্থী আবেদন করেননি, তাদের উচ্চশিক্ষায় যাওয়ার সুযোগ কতটা নিশ্চিত হচ্ছে এবং যারা পরীক্ষায় উত্তীর্ণ হবেন তাদের ভর্তি প্রক্রিয়ায় কীভাবে অন্তর্ভুক্ত করা যাবে- এসব বিষয়ও বিবেচনায় নিতে হবে। অন্যথায় শিক্ষাবর্ষ বাঁচানোর উদ্যোগ নেওয়া হলেও বিপুলসংখ্যক শিক্ষার্থীর কাছে এর সুফল পৌঁছানো কঠিন হবে।
ডিসেম্বরেই পরীক্ষা, ফল প্রকাশের লক্ষ্য মাসের শেষে : আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সূচি অনুযায়ী, আগামী ১ ডিসেম্বর ইংরেজি পরীক্ষার মাধ্যমে সাপ্লিমেন্টারি পরীক্ষা শুরু হবে। ৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে আইসিটি পরীক্ষা। আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে লিখিত ও ব্যবহারিক পরীক্ষা শেষ করার পরিকল্পনা রয়েছে। ফল প্রকাশের লক্ষ্য ৩১ ডিসেম্বর।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com