
ভারতের গেদে সীমান্তে জাল পাসপোর্ট সিলসহ ধরা পড়ে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে এমপি আনারের জামাতা ও ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জুবায়ের হোসেনকে।
চুয়াডাঙ্গার দর্শনা ইমিগ্রেশনে গত শুক্রবার ১৯ সেপ্টেম্বর সন্ধ্যায় জুবায়ের হোসেনকে আটক করে পুলিশ। এরআগে ভারতীয় গেদে ইমিগ্রেশন পুলিশ তার পাসপোর্টে জাল সিল দেখে সন্দেহ প্রকাশ করে এবং যাচাই করতে দর্শনা ইমিগ্রেশনের সঙ্গে যোগাযোগ করে। পরে তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়।
দর্শনা ইমিগ্রেশনের তথ্য অনুযায়ী, জুবায়ের হোসেন গত বছরের ২৪ নভেম্বর বৈধভাবে বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে প্রবেশ করেছিলেন। সেখানে অবস্থানকালে তিনি বাংলাদেশি ইমিগ্রেশনের জাল সিল তৈরি করেন। গত বৃহস্পতিবার সেই ভুয়া সিল ব্যবহার করে দর্শনা রেললাইন ধরে ভারতে প্রবেশের চেষ্টা করলে ধরা পড়েন তিনি।
আটক জুবায়ের হোসেন বাগেরহাট জেলার শরণখোলা থানার রাজের গ্রামে জন্মগ্রহণ করেন। তার পাসপোর্ট নম্বর ই-০০৪৪৮২০। বর্তমানে তিনি এমপি আনারের মেয়ে ডরিনের স্বামী হিসেবে আলোচিত।
দর্শনা ইমিগ্রেশনের ইনচার্জ এসআই তুহিন হোসেন জানান,প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিষয়টি স্পষ্ট হয়েছে,জুবায়ের হোসেন পাসপোর্টে জাল সিল ব্যবহার করে ভারতে প্রবেশের চেষ্টা করেছিলেন। এ ঘটনায় প্রতারণার মামলা দায়ের করে তাকে দর্শনা থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রসঙ্গত, বর্তমানে মাদকের স্বর্গরাজ্য খ্যাত দর্শনা থেকে মাত্র ৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করে এই সাফল্য দেখানোর জন্য সংবাদকর্মীদের ডেকে দর্শনা থানা পুলিশ দেখালেও অজ্ঞাত কারণে আলোচিত প্রধানমন্ত্রীর বারবার সফরসঙ্গী হওয়া এমপি আনারের জামাই আটকের সংবাদটি চেপে যাওয়ায় সংবাদকর্মীরা বিস্মিত হয়েছেন। তারা পুলিশ সুপারকে বিষয়টি খতিয়া দেখার অনুরোধ করেছে।
তবে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শহীদ তিতুমীর সাংবাদিকদের জানান, শুক্রবার তাকে আদালতে সোপর্দ করা হয়। বিজ্ঞ আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি সংবাদকর্মীদের না জানানোর বিষয়ে তিনি বলেন, ব্যস্ততায় ভুলে গিয়েছিলাম। তবে গত রাত পর্যন্ত পুলিশের পক্ষ থেকে প্রেসরিলিজ দেয়া হয়নি।
উল্লেখ্য, ছাত্রলীগের শীর্ষ পদে থাকা জুবায়ের হোসেনের নাম এর আগেও একাধিকবার বিতর্কে আসে। কেসিনো কাণ্ডের সময় তিনি ছিলেন আলোচিত সম্রাটের ঘনিষ্ঠ সহযোগী ও কেসিনো বাহিনীর সক্রিয় সদস্য। রাজনৈতিক ক্যারিয়ারে শেখ হেলালের ক্যাডার হিসেবে পরিচিত ছিলেন। পারিবারিক সম্পর্ক তাকে আরও শক্তিশালী করে তোলে। কারণ তিনি মাফিয়া খ্যাত আনার এমপির মেয়ে ডরিনের স্বামী। সবশেষে রাজনৈতিক ও পারিবারিক প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে নানা অভিযোগে আড়ালে থাকলেও এবার আইনের জালে আটকা পড়লেন জুবায়ের হোসেন।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com