
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ঝাঁঝাডাঙা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে নিহত কৃষক ইবরাহিম বাবুর (২৮) মরদেহ অবশেষে ৭ দিন পর বাংলাদেশে ফেরত দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৮ জুলাই) রাত পৌনে ৯টার দিকে চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্যে এক পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহ হস্তান্তর করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশের ৬ বিজিবি ব্যাটালিয়নের দর্শনা কোম্পানি কমান্ডার এবং ভারতের ৩২ বিএসএফ ব্যাটালিয়নের গেদে কোম্পানি কমান্ড্যান্ট।
পরে ভারতের নদীয়া জেলার কৃষ্ণনগর থানা পুলিশ মরদেহটি বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে। দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদ তিতুমির জানান, মরদেহটি আইনগত প্রক্রিয়া অনুসরণ করে নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ৬ বিজিবির উপ-অধিনায়ক মেজর আসিফ।
জানা গেছে, গত ৩ জুলাই (বুধবার) দুপুরে ইবরাহিম বাবু সীমান্তবর্তী ৭৯ নম্বর পিলারের কাছে গরুর জন্য ঘাস কাটতে গেলে বিএসএফ সদস্যদের গুলিতে প্রাণ হারান। তিনি ঝাঁঝাডাঙা গ্রামের বাসিন্দা মো. নুর ইসলামের ছেলে ছিলেন।
নিহতের মৃত্যুতে পরিবার ও এলাকাবাসীর মধ্যে গভীর শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা সীমান্তে নিরাপত্তা জোরদার এবং ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন।
পরে রাত ১০টার দিকে জানাজার নামাজ শেষে ঝাঁঝাডাঙা মাঝেরপাড়া কবরস্থানে ইবরাহিম বাবুর দাফন কাজ সম্পন্ন করা হয়।।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com