অনলাইন ডেস্ক।।
সুন্দরবনে রাস পূর্ণিমা উৎসবে অংশ নিতে যাওয়ার পথে ইঞ্জিন বিকল হয়ে নদীতে ভাসতে থাকা পুণ্যার্থীবাহী একটি বোটসহ ২৯ জনকে নিরাপদে উদ্ধার করেছে কোস্ট গার্ড বাংলাদেশ।
আজ সোমবার বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এ তথ্য জানান।
তিনি জানান, রাস পূর্ণিমা উপলক্ষে গত ২১ নভেম্বর রাত ১১টায় ডাংমারি ফরেস্ট অফিস থেকে প্রয়োজনীয় পাস সংগ্রহ করে দুবলার চরের উদ্দেশে যাত্রা শুরু করে পুণ্যার্থীবাহী একটি বোট। পরদিন ২২ নভেম্বর রাত ৮টার দিকে রূপের গাং সংলগ্ন এলাকায় পৌঁছালে বোটটির ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে বোটটি নদীতে ভাসতে থাকে এবং যাত্রা ব্যাহত হওয়ায় বিপাকে পড়েন ২৯ জন পুণ্যার্থী। এ সময় বোটে থাকা এক পুণ্যার্থী কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ ফোন করে সহায়তা চান।
খবর পেয়ে কোস্ট গার্ড আউট পোস্ট দুবলার সদস্যরা দ্রুত উদ্ধার অভিযান পরিচালনা করেন। পরে লইট্টা খালি খাল এলাকা থেকে বিকল বোটসহ ২৯ জন পুণ্যার্থীকে নিরাপদে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত পুণ্যার্থীদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় খাবার সরবরাহ করা হয়েছে। পাশাপাশি তাদের পরবর্তী গন্তব্যে নিরাপদে পৌঁছে দেওয়া হয়েছে।
কোস্ট গার্ডের এই কর্মকর্তা আরও জানান, জনসেবায় কোস্ট গার্ড সর্বদা নিয়োজিত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com