
অনলাইন ডেস্ক :
আমেরিকা ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা কমাতে আগামী সোমবার আবারও বৈঠক হতে পারে। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ -এ দ্বিতীয় দফার এই আলোচনার আয়োজন করা হচ্ছে বলে আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা গেছে। যদিও এখনও আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে নিশ্চিত ঘোষণা দেয়নি যুক্তরাষ্ট্র।
খবরে বলা হয়েছে, সপ্তাহান্তেই দুই দেশের প্রতিনিধিরা পাকিস্তানে পৌঁছাতে পারেন এবং সোমবার তারা আলোচনায় বসবেন। প্রথম দফার বৈঠকে যেসব গুরুত্বপূর্ণ বিষয়ে মতবিরোধ রয়ে গিয়েছিল, সেগুলোই এবার মূল আলোচ্য হবে।
এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশা প্রকাশ করেছেন, খুব শিগগিরই ইরানের সঙ্গে একটি সমঝোতা সম্ভব হবে। তার দাবি, সংঘর্ষ পরিস্থিতি দ্রুতই নিয়ন্ত্রণে আসবে এবং নতুন করে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর প্রয়োজন নাও হতে পারে।
অন্যদিকে, ইরান এখনো এই আশাবাদে সায় দেয়নি। দেশটির একাধিক কর্মকর্তা জানিয়েছে, তেহরান এখনো কোনো বড় ধরনের ছাড় দেয়নি এবং যুক্তরাষ্ট্রের বক্তব্যকে তারা সন্দেহের চোখে দেখছে।
মধ্যস্থতার ক্ষেত্রে পাকিস্তানের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ইতোমধ্যে কাতারের আমির তামিম বিন হামাদ আল থানি এবং তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইপ এরদোয়ান পাকিস্তানে গিয়ে প্রধানমন্ত্রী সাহ বাজ শরিফ এর সঙ্গে বৈঠক করেছেন।
তারা এই সংকট নিরসনে পাকিস্তানের প্রচেষ্টার প্রশংসা করেছেন এবং সহায়তার আশ্বাস দিয়েছেন।
এছাড়া, পাকিস্তানের সেনাপ্রধান অসিম মুনির সম্প্রতি তেহরান সফর করে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দীর্ঘ বৈঠক করেছেন।
ধারণা করা হচ্ছে, তিনি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কিছু প্রস্তাব নিয়েই সেখানে গিয়েছিলেন।
তবে পরিস্থিতি এখনো পুরোপুরি স্থিতিশীল নয়। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের৷ ঘালিবাফ অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্র বিভ্রান্তিকর তথ্য দিচ্ছে।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি হরমুজ প্রণালীতে কোনো ধরনের অবরোধ অব্যাহত থাকে, তাহলে ইরান আবারও সেই গুরুত্বপূর্ণ জলপথ বন্ধ করে দিতে পারে।
উল্লেখ্য, ইরান সাময়িকভাবে স্টাইর অফ হোমুজ বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য খুলে দিলেও বাস্তবে এখনো খুব বেশি জাহাজ চলাচল শুরু হয়নি। অনেক জাহাজ নিরাপত্তাজনিত কারণে প্রবেশ না করেই ফিরে যাচ্ছে।
সব মিলিয়ে, নতুন করে আলোচনার উদ্যোগ আশার আলো দেখালেও বাস্তব পরিস্থিতি এখনো অনিশ্চিত। সমঝোতা আদৌ সম্ভব হবে কি না, তা নির্ভর করছে আগামী বৈঠকের ফলাফলের ওপর।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com