
আন্তর্জাতিক ডেস্ক।।
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর প্রথমবারের মতো সাধারণ ধর্মঘট পালন করেছে স্পেনের শ্রমিক সংগঠনগুলো। বুধবার দেশজুড়ে এ ধর্মঘটে অংশ নেন হাজার হাজার মানুষ। বিভিন্ন শহরে বিক্ষোভের পাশাপাশি বার্সেলোনায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। ব্রিটিশ বার্তাসংস্থা বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানান হয়।
রাজধানী মাদ্রিদে প্রায় ১ লাখ ২০ হাজার মানুষ বিক্ষোভে অংশ নেন। অন্যদিকে বার্সেলোনায় সমবেত হন ৫০ হাজারের বেশি মানুষ। বার্সেলোনায় মুখোশধারী একদল বিক্ষোভকারী রাস্তায় ময়লার পাত্রে আগুন ধরিয়ে দেন এবং বিভিন্ন দোকানের জানালা ভাঙচুর করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।
স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, একদল বিক্ষোভকারী পুলিশের দিকে আতশবাজি নিক্ষেপ করেন এবং লেগোসহ কয়েকটি দোকানে লুটপাট চালান। এ ছাড়া অ্যাপল স্টোরে প্রবেশের চেষ্টাও করেন কেউ কেউ। শহরের কেন্দ্রস্থলে পুলিশকে দাঙ্গা নিয়ন্ত্রণের সরঞ্জাম নিয়ে অবস্থান করতে দেখা যায়।
ধর্মঘটের কারণে স্পেনজুড়ে পরিবহন ও অন্যান্য সরকারি সেবা মারাত্মকভাবে ব্যাহত হয়। মাদ্রিদ ও বার্সেলোনার গুরুত্বপূর্ণ কয়েকটি সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিভিন্ন ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া আবাসন ব্যবসাপ্রতিষ্ঠানের কার্যালয়েও হামলার খবর পাওয়া গেছে।
দেশটির প্রধান শ্রমিক সংগঠন ইউজিটির প্রধান পেপে আলভারেজ ধর্মঘটকে সফল আখ্যা দিয়ে বলেন, এতে ব্যাপকসংখ্যক মানুষ অংশ নিয়েছেন। আরেক বড় শ্রমিক সংগঠন সিসি ওওর নেতা উনাই সোর্দো অংশগ্রহণের হারকে ‘খুবই উল্লেখযোগ্য’ বলে বর্ণনা করেন।
আবাসন ব্যয় ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে এই ধর্মঘটের ডাক দেয় দেশটির প্রধান শ্রমিক সংগঠনগুলো। বিশেষ করে মাদ্রিদে ৮৭ বছর বয়সী মারিকারমেন আবাসকালকে তার দীর্ঘদিনের ভাড়া বাসা থেকে উচ্ছেদের ঘটনা জনমনে ব্যাপক ক্ষোভ তৈরি করে। সাত দশক ধরে ওই বাসায় বসবাস করলেও নতুন বাড়িওয়ালাদের অধীনে তার ভাড়া তিন গুণ বেড়ে যায়। উচ্ছেদের কয়েক সপ্তাহ পর হাসপাতালে তার মৃত্যু হয়। ঘটনাটিকে কেন্দ্র করেই আবাসন সংকটবিরোধী আন্দোলন আরও জোরালো হয়ে ওঠে।
সম্পত্তিবিষয়ক ওয়েবসাইট আইডিয়ালিস্তার তথ্য অনুযায়ী, গত অক্টোবর মাসে মাদ্রিদে ৫০ বর্গমিটারের একটি অ্যাপার্টমেন্টের গড় মাসিক ভাড়া ছিল ১ হাজার ১৭০ ইউরো। অথচ স্পেনে গড় মাসিক মোট বেতন প্রায় ২ হাজার ৪৬০ ইউরো। অর্থাৎ গড় বেতনের প্রায় অর্ধেকই ব্যয় হচ্ছে বাড়িভাড়ায়। আবাসন বিশেষজ্ঞদের সুপারিশ অনুযায়ী, আয়ের ৩০ শতাংশের বেশি বাড়িভাড়া বাবদ ব্যয় করা আর্থিকভাবে চাপ সৃষ্টি করে।
ধর্মঘটে অংশ নেওয়া ৩৭ বছর বয়সী শিক্ষক ওলগা দোমিঙ্গো বলেন, বর্তমান বেতনের তুলনায় আবাসন ব্যয় ও জীবনযাত্রার খরচ অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। মাদ্রিদের বাসিন্দা ২৭ বছর বয়সী গনজালো আলভারেজও বলেন, খাবার, বিদ্যুৎ, পানি ও গ্যাসের খরচ মেটানোর পর বাড়ি কেনার জন্য অর্থ সঞ্চয় করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে।
উল্লেখ্য, ২০১২ সালে তৎকালীন রক্ষণশীল প্রধানমন্ত্রী মারিয়ানো রাখয়ের সরকারের সময় সর্বশেষ স্পেনে সাধারণ ধর্মঘট হয়েছিল। এবারের ধর্মঘটের ক্ষেত্রে ব্যতিক্রম হলো, প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ও তার মন্ত্রিসভার সদস্যরা শ্রমিকদের ধর্মঘটে অংশ নেওয়ার অধিকারকে সমর্থন জানিয়েছেন। সানচেজ বলেছেন, শ্রমিকদের ধর্মঘট করার অধিকার নিয়ে প্রশ্ন তোলাই প্রকৃত অর্থে অযৌক্তিক।
তবে বিরোধী রক্ষণশীল পিপলস পার্টির (পিপি) নেতা আলবার্তো নুনিয়েজ ফেইহো ধর্মঘটের সমালোচনা করেছেন। তিনি একে ‘অর্থহীন’ বলে অভিহিত করে শ্রমিক সংগঠনগুলোর বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের অভিযোগ তোলেন। তার দলের মুখপাত্র মিগুয়েল তেলাদোও অভিযোগ করেন, আসন্ন নির্বাচনে রাজনৈতিক সুবিধা পেতে সরকার ধর্মঘটকে ব্যবহার করছে। অন্যদিকে স্পেনের বৃহত্তম ব্যবসায়ী সংগঠন সিইওইর সহসভাপতি মিগুয়েল গারিদো বলেন, আবাসন সংকটের সঙ্গে ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর সরাসরি সম্পর্ক নেই।
আগামী ২৯ নভেম্বর স্পেনে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে প্রধানমন্ত্রী সানচেজের আবাসন সংস্কার পরিকল্পনা সংসদে অনুমোদন না পাওয়ায় আগাম নির্বাচনের ঘোষণা দেওয়া হয়। ফলে এবারের ধর্মঘটকে আসন্ন নির্বাচনের আগে সরকারের প্রতি জনঅসন্তোষের একটি গুরুত্বপূর্ণ সূচক হিসেবে দেখা হচ্ছে।
এদিকে বিদ্যুৎ ব্যবহারের পরিসংখ্যানেও ধর্মঘটের প্রভাব দেখা গেছে। বিদ্যুৎ পরিচালনাকারী প্রতিষ্ঠান রেড এলেকট্রিকার তথ্য অনুযায়ী, বুধবার ভোরে স্পেনে বিদ্যুতের ব্যবহার ৭ দশমিক ৫ শতাংশ কমে যায়। ১৪ বছর আগে সর্বশেষ সাধারণ ধর্মঘটের সময় একই ধরনের সময়ে বিদ্যুতের ব্যবহার কমেছিল ১৫ শতাংশেরও বেশি।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com