স্পোর্টস ডেস্ক।।
এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের ফিরতি ম্যাচে স্বাগতিক হংকংয়কে রুখে দিয়েছে বাংলাদেশ। প্রথমার্ধে এক গোল হজম করে পিছিয়ে পড়ে লড়াই করে সমতায় ফেরে লাল সবুজের দেশটি। ম্যাচের ৩২ মিনিটে পেনাল্টি থেকে গোল পায় স্বাগতিক হংকং। দ্বিতীয়ার্ধে গোল করে দলকে সমতায় ফেরান রাকিব হোসেন। শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র করে মাঠ ছেড়েছে বাংলাদেশ।
মঙ্গলবার কাই তাক স্টেডিয়ামে দুই দলই সাবধানী শুরু করে। প্রথম ১০ মিনিটে তেমন কোনো আক্রমণ গড়েনি দু’দল। ম্যাচের ২০ মিনিটে মাঝ মাঠ থেকে বল পেয়ে দ্রুত গতি এগিয়ে যান সামিত সোম। তবে তাকে ফাউল করে আটকে দেন হংকংয়ের ডিফেন্ডাররা। সেখান থেকে হামজার নেওয়া ফ্রি কিক মানব দেওয়ালে আটকে যায়।
৩৪ মিনিটে ডিফেন্ডার তারিক কাজী হংকং ফরোয়ার্ড ফার্নান্দোকে পেছন থেকে ফাউল করে বসেন। জাপানিজ রেফারি পেনাল্টির বাঁশির সাথে তাকে হলুদ কার্ড দেখান। পেনাল্টি থেকে অধিনাউয়ক ম্যাথিউ বল জালে জড়ান।
এরপর গোল সমতায় ফেরার লক্ষে কিছু আক্রমণ গড়ে বাংলাদেশ। তবে তা থেকে কোন সফলতা আসেনি। শেষ পর্যন্ত ১-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।
বিরতি থেকে ফিরে আক্রমণের ধার বাড়ায় বাংলাদেশ। তবে অ্যাটাকিং থার্ডে গিয়ে খেই হারায় ফরোয়ার্ডরা। ম্যাচের ৬৭ ও ৬৯ মিনিটে পরপর দু’টি সুযোগ পেয়েছিল বাংলাদেশ। তবে দু’বারই স্বাগতিকদের বাঁচিয়ে দিয়েছেন তাদের গোলরক্ষক।
৭৩ মিনিটে সহজ সুযোগ নষ্ট করে বাংলাদেশ। ডান দিকে থেকে সাদ উদ্দিনের দুর্দান্ত ক্রস করেন। গোলরক্ষককে একা পেয়েও সেই ক্রসে পা লাগাতে ব্যর্থ হন ফাহমিদুল।
অবশেষে ম্যাচের ৮৩ মিনিটে গোলের দেখা পায় বাংলাদেশ। ম্যাচের ৮৩ মিনিটে বাঁ দিক থেকে ফাহিমের দারুণ ক্রসে হেড করে হংকংয়ের বক্সে বল নামিয়ে দেন ফাহমিদুল। সেখান থেকে বল জালে জড়ান রাকিব হোসেন। তার এই গোলে ম্যাচে সমতা ফেরে লাল-সবুজের প্রতিনিধিরা।
এরপর চেষ্টা করেও আর গোলের দেখা পায়নি কোনো দল। শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র করে মাঠ ছাড়ে দু’দল।
এই ড্রয়ের ফলে এশিয়ান কাপ বাছাইয়ের ‘সি’ গ্রুপে বাংলাদেশ চার ম্যাচ থেকে দুই পয়েন্ট পেয়েছে। কাগজে কলমে এখনও এশিয়া কাপে খেলার আশা বেঁচে রয়েছে বাংলাদেশের।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com