অনলাইন ডেস্ক
রোহিঙ্গা গণহত্যার ঘটনায় মিয়ানমারকে দায়ী করে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) ঐতিহাসিক রায় ঘোষণার পরদিন কক্সবাজারের রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শন করেছেন জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ও পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। শুক্রবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় রোহিঙ্গা ক্যাম্পের একটি খেলার মাঠে আয়োজিত অনুষ্ঠানে তিনি রোহিঙ্গা শরণার্থী, বাংলাদেশ সরকার ও জাতিসংঘের প্রতিনিধিদের সামনে বক্তব্য দেন।
বক্তব্যের শুরুতে আবেগঘন কণ্ঠে ড. খলিলুর রহমান বলেন, গতকাল নেদারল্যান্ডসের দ্য হেগে জাতিসংঘের সর্বোচ্চ আদালত রোহিঙ্গাদের কথা শুনেছেন এবং তাঁদের পরিচয় ‘রোহিঙ্গা’ হিসেবে স্বীকৃতি দিয়েছেন। আদালতের রায়ে স্পষ্ট হয়েছে, ২০১৭ সালে রোহিঙ্গাদের ওপর চালানো নির্যাতন ছিল গণহত্যা।
এ সময় তিনি গণহত্যার শিকার হয়ে প্রাণ হারানো রোহিঙ্গাদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। বিশেষ করে যারা দীর্ঘ প্রতীক্ষার পরও এই ঐতিহাসিক বিচার দেখে যেতে পারেননি, তাঁদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।
বাংলাদেশের রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে দায়িত্ব পালনের সময় ক্যাম্পগুলোতে কাজ করার অভিজ্ঞতা তুলে ধরে ড. খলিলুর রহমান বলেন, “আমি নিউইয়র্ক থেকে তোমাদের নিয়ে কথা বলতে চাইনি। আমি তোমাদের পাশে এসে দাঁড়াতে চেয়েছি। বছরের পর বছর তোমরা বিশ্ববাসীকে তোমাদের কথা শোনার আহ্বান জানিয়েছ—আজ বিশ্ব তা শুনেছে।”
তিনি বলেন, রোহিঙ্গাদের দীর্ঘদিনের ন্যায়বিচারের দাবি আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃতি পেয়েছে। আইসিজের এই রায় রোহিঙ্গাদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
ড. খলিলুর রহমানের বক্তব্য অনুযায়ী, আন্তর্জাতিক বিচার আদালত মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে পরিকল্পিত হত্যাকাণ্ড, ব্যাপক যৌন সহিংসতা, নারী ও শিশুদের লক্ষ্যবস্তু করা এবং রোহিঙ্গা গ্রাম ধ্বংসের অভিযোগের প্রমাণ পেয়েছেন।
তিনি উল্লেখ করেন, অন্তত ১০ হাজার রোহিঙ্গাকে হত্যা করা হয়েছে এবং আদালত রোহিঙ্গাদের একটি স্বতন্ত্র জাতিগোষ্ঠী হিসেবে স্বীকৃতি দিয়েছেন। তাঁর মতে, এই রায় আন্তর্জাতিক আইনের ইতিহাসে গুরুত্বপূর্ণ ঘটনা।
রোহিঙ্গাদের ন্যায়বিচার প্রতিষ্ঠার আইনি লড়াইয়ে অবদান রাখার জন্য গাম্বিয়া, ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি), মামলায় হস্তক্ষেপকারী ১১টি দেশ, আন্তর্জাতিক বিচার আদালতের বিচারক এবং জাতিসংঘের তদন্তকারী দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ড. খলিলুর রহমান।
একই সঙ্গে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশ সরকার, দেশের জনগণ এবং উখিয়া-টেকনাফের স্থানীয় বাসিন্দাদের অবদানের কথা তুলে ধরেন তিনি। সাহসিকতার সঙ্গে আদালতে সাক্ষ্য দেওয়া রোহিঙ্গা নারী ও নির্যাতনের শিকার ব্যক্তিদের প্রতিও বিশেষ শ্রদ্ধা জানান।
আইসিজের ঐতিহাসিক রায়কে বাস্তবে কার্যকর করা এবং রোহিঙ্গাদের জীবনে প্রকৃত ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে চারটি গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরেন ড. খলিলুর রহমান।
১. গণহত্যার বিচার ও জবাবদিহি নিশ্চিত করা
গণহত্যা সনদের অধীনে অপরাধে জড়িত সন্দেহভাজনদের দ্রুত তদন্ত, বিচার ও শাস্তির আওতায় আনার আহ্বান জানান তিনি। পাশাপাশি মিয়ানমারের অভ্যন্তরীণ আইনের প্রয়োজনীয় সংস্কার করে ভবিষ্যতে এ ধরনের অপরাধ প্রতিরোধের ব্যবস্থা নিশ্চিত করার কথা বলেন।
২. নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করা
বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের স্বেচ্ছায়, নিরাপদে ও সম্মানের সঙ্গে নিজ দেশে ফেরার পরিবেশ তৈরির দাবি জানান তিনি। প্রত্যাবাসনের পাশাপাশি তাঁদের হারানো বাড়িঘর, জমি ও সম্পত্তি ফিরিয়ে দেওয়া অথবা উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান, পরিবার পুনর্মিলন, নাগরিকত্বের অধিকার এবং নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন। এ প্রক্রিয়ায় মিয়ানমারে জাতিসংঘের কার্যক্রম পরিচালনার সুযোগ দেওয়ারও আহ্বান জানান।
৩. ক্ষতিপূরণ ও মানবিক সহায়তা বাড়ানো
গণহত্যা ও নির্যাতনের কারণে রোহিঙ্গারা যে অপূরণীয় ক্ষতির শিকার হয়েছেন, তার জন্য ব্যক্তি ও সম্প্রদায়ভিত্তিক উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান ড. খলিলুর রহমান। এ বিষয়ে আগামী দুই বছরের মধ্যে মিয়ানমারকে প্রতিবেদন জমা দেওয়ার কথাও উল্লেখ করেন তিনি।
পাশাপাশি নিরাপদ প্রত্যাবাসন শুরু না হওয়া পর্যন্ত রোহিঙ্গা ক্যাম্পে খাদ্য, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায় এবং উন্নয়ন সহযোগীদের অর্থায়ন বাড়ানোর আহ্বান জানান। তিনি বলেন, দীর্ঘদিন ধরে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার আর্থিক ও মানবিক চাপ বাংলাদেশের একার পক্ষে বহন করা সম্ভব নয়।
৪. আইসিজের রায় বাস্তবায়ন ও গণহত্যার পুনরাবৃত্তি রোধ
রোহিঙ্গাদের নিরাপদ জীবন নিশ্চিত করতে মিয়ানমারের আইনি ও প্রাতিষ্ঠানিক সংস্কার, নিরাপত্তা বাহিনীর প্রশিক্ষণ এবং কার্যকর বেসামরিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি।
ড. খলিলুর রহমান স্মরণ করিয়ে দেন, জাতিসংঘ সনদের ৯৪ অনুচ্ছেদ অনুযায়ী আন্তর্জাতিক বিচার আদালতের রায় সংশ্লিষ্ট পক্ষের জন্য বাধ্যতামূলক। রায় বাস্তবায়নে ব্যর্থ হলে বিষয়টি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে তোলার সুযোগ রয়েছে।
রোহিঙ্গাদের নিরাপদে ঘরে ফেরা পর্যন্ত পাশে থাকার অঙ্গীকার
বক্তব্যের শেষ পর্যায়ে ১৯৪৮ সালের গণহত্যা সনদের গুরুত্ব তুলে ধরেন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি। তিনি বলেন, এই সনদ এমন একটি জনগোষ্ঠীর পক্ষে কাজ করেছে, যাদের নিজস্ব কোনো সেনাবাহিনী বা ক্ষমতা নেই।
তিনি আরও বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের চলতি অধিবেশনের মূলমন্ত্র হলো ‘আস্থা পুনরুদ্ধার’। আইসিজের ঐতিহাসিক রায় বিশ্ববাসীর প্রতিশ্রুতি রক্ষার পথে একটি বড় পদক্ষেপ।
রোহিঙ্গাদের উদ্দেশে তিনি বলেন, পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং তাঁদের নিরাপদে নিজ দেশে ফিরিয়ে নেওয়া পর্যন্ত আন্তর্জাতিক সম্প্রদায়কে একসঙ্গে কাজ করে যেতে হবে।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com