বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

অনলাইন ডেস্ক।
বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। মূলত ঘন কুয়াশার কারণে এ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিসি)।
সোমবার (১৮ জানুয়ারি) মধ্যরাত ১২টা থেকে নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিসি) বাংলাবাজার ঘাটের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ভোর রাতের দিকে কুয়াশার পরিমাণ বেড়ে গেলে নৌরুটের দিকনির্দেশনামূলক বাতি অস্পষ্ট হয়ে আসে। এ সময় পদ্মানদীতে দিকনির্ণয়ে ব্যর্থ হয় ফেরিগুলো। দুর্ঘটনা এড়াতে মধ্যরাত থেকে ফেরি চলাচল বন্ধ রাখে। এ সময় চলাচলরত বেশ কয়েকটি ফেরি পদ্মানদীর বিভিন্ন স্থানে নোঙর করে রাখা হয়েছে।
এছাড়াও ভোর থেকে লঞ্চ ও স্পিডবোট চলাচলও বন্ধ আছে বলে ঘাট সূত্রে জানা গেছে।
সালাহউদ্দিন আহমেদ আরও জানান, ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে মধ্যরাত থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল ফের স্বাভাবিক রাখা হবে।























