ইতিহাস,ঐতিহ্য আর উন্নয়নের ধারক বাহক বাংলাদেশ আওয়ামী লীগ: এম,পি জর্জ

কুষ্টিয়া সংবাদদাতা।।
কুষ্টিয়ার কুমারখালীতে আওয়ামী লীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সাংসদ ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ এ মন্তব্য করেন।
এসময় এম,পি জর্জ বলেন,বাংলাদেশের ইতিহাস,ঐতিহ্য আর উন্নয়নের ধারক বাহক আওয়ামী লীগ। শুধু এশিয়া মহাদেশ নয়, বিশ্বের সকল দেশের মধ্যে প্রাচীনতম রাজনৈতিক সংগঠের নাম আওয়ামী লীগ। আওয়ামী লীগের জন্মে যত রক্ত ঝরেছে, কষ্ট হয়েছে, ত্যাগ স্বীকার করতে হয়েছে, তা আর কোনো সংগঠনে হয়নি।
তিনি আরো বলেন, ‘ দেশের নির্যাতিত, নিপীড়িত, বঞ্চিত, শোষিত মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ শুরু করে গিয়েছিলেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাঁর কণ্যা দেশরত্ন শেখ হাসিনা এখনও তা চলমান রেখেছেন। দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করছেন। ‘
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র সামছুজ্জামান অরুনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের জৈষ্ঠ্য সহ সভাপতি আজিজুল হক ও সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন খান তারেক, উপজেলা যু্বলীগের সভাপতি হারুন অর রশিদ হারুন ও সহ সভাপতি এস এম রফিক, উপজেলা নাগরিক কমিটির সভাপতি মো. আকরাম হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাসেল হোসেন সহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার বিকেলে স্থানীয় আবুল হোসেন তরুন অডিটোরিয়ামে সভার আয়োজন করে উপজেলা আওয়ামী লীগ।






















