কোটচাঁদপুর বলুহর মৎস্য হ্যাচারিতে রেনু উৎপাদনে নতুন সম্ভাবনা

মোঃ শহিদুল ইসলাম, কোটচাঁদপুর সংবাদদাতা।
রেনু উৎপাদনে নতুন সম্ভাবনা বলুহর মৎস্য হ্যাচারিতে
চীন ও ভিয়েতনাম থেকে আমদানিকৃত মাছের রেনু নিয়ে এক সমৃদ্ধ ভান্ডার গড়ে উঠেছে বলুহর কেন্দ্রীয় মৎস্য হ্যাচারিতে। চলতি বছর থেকে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার বলুহর হ্যাচারিতে চাইনিজ কার্প জাতীয় মাছের রেনু উৎপাদন শুরু করেছে। প্রথম বছরে মাঠ পর্যায়ের মাছ চাষিরা সাফল্য পাওয়ায় বিভিন্ন জেলায় কদর বেড়েছে বিভিন্ন প্রজাতির রেনুর। বর্তমান এই হ্যাচারিতে চীন থেকে আমদানীকৃত সিলবার, বিগহেড ও গ্রাসকার্পের রেনু ও ভিয়েতনামীয় পাঙ্গাস, কালবাউস এবং সুবর্ন রুই মাছ চাষ করা হচ্ছে।
হ্যাচারি কর্মকর্তারা আশা করছেন পুরানো ব্রুড মাছের সঙ্গে বিদেশ থেকে আমদানিকৃত মাছ সংযোজন হলে বলুহর কেন্দ্রীয় হ্যাচারিতে রেনুর ব্রুড ভান্ডার সমৃদ্ধ হবে।
খোঁজ নিয়ে জানা গেছে, দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলার মাছ চাষি, মৎস্যজীবী, হ্যাচারি, নার্সারি মালিক ও সাধারন মানুষকে উন্নত জাতের কার্প জাতীয় মাছ চাষে উদ্বুদ্ধ করে আমিষের ঘাটতি পুরণের লক্ষ্যে ১৯৮৪ সালে কোটচাঁদপুরের বলুহর গ্রামে দেশের সর্ববৃহৎ মৎস্য হ্যাচারি কমপ্লেক্স প্রতিষ্ঠা করা হয়। ১০৩ একর আয়তন বিশিষ্ট এই হ্যাচারিতে রয়েছে ৩০টি দৃষ্টিনন্দন পুকুর। ঝিনাইদহ ছাড়াও যশোর, চুয়াডাঙ্গা, মাগুরা, রাজবাড়ি, মেহেরপুর ও সাতক্ষিরাসহ বিভিন্ন জেলায় এই হ্যচারির উৎপাদিত রেনু পৌঁছে যাচ্ছে।
হ্যাচারি সূত্রে জানা যায়, ২০২১-২০২২ অর্থ বছরে এই হ্যাচারিতে মাছ বিক্রির লক্ষ্যমাত্রা ৪৮ লাখ ১১ হাজার টাকা হলেও অর্জিত হয়েছে ৪৮ লাখ ১৫ হাজার টাকা।
আব্দুল করিম নামে ঝিনাইদহের নলডাঙ্গা এলাকার এক মৎস্য চাষি জানান, ব্রুড উন্নয়নে মাছ চাষে এক নতুন দিগন্ত উন্মোচন হয়েছে।
হাটগোপালপুর এলাকার চাষি তুষার আহম্মেদ বলেন, ‘আমার মতো দক্ষিনাঞ্চলের ১০ জেলার মৎস্য চাষিরা বলুহর হ্যাচারির রেনু নিয়ে মাছ চাষ করে স্বাবলম্বী হচ্ছেন। অনেক বেকার যুবক পুনবার্সিত হয়েছেন।
হ্যাচারি ম্যানেজার মো. আশরাফ-উল-ইসলাম জানান, বলুহর কেন্দ্রীয় হ্যাচারি একটি সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে মানসম্পন্ন রেনু উৎপাদন করে মৎস্য চাষিদের কাছে সুলভ মুল্যে বিক্রি করে থাকে। এছাড়া আধুনিক কলাকৌশল ও সর্বশেষ লাগসই প্রযুক্তি ব্যবহার করে মাছ চাষিদের জীবন মান উন্নত করে থাকে। ফলে এলাকায় বেকারত্ব হ্রাসের পাশাপাশি ব্যপক হারে মাছের উৎপাদন বৃদ্ধি পেয়েছে।






















