চুয়াডাঙ্গায় শয়ন কক্ষ থেকে বিআরটিএ পরিদর্শকের মরদেহ উদ্ধার

চুয়াডাঙ্গা প্রতিনিধি (১২-০৯-২২)।।
চুয়াডাঙ্গায় ডাকবাংলোর শয়ন কক্ষ থেকে সাইফুল্লাহ বাহার নামে বিআরটিএ পরিদর্শকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে জেলা পরিষদের ডাকবাংলোর একটি কক্ষের দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত সাইফুল্লাহ বাহার মানিকগঞ্জ জেলার পূর্ব ভাকুম গ্রামের মোক্তার হোসেনের ছেলে। তিনি চুয়াডাঙ্গা বিআরটিএ অফিসের পরিদর্শক ছিলেন।

পুলিশ জানায়, বিআরটিএ পরিদর্শন সাইফুল্লাহ জেলা পরিষদের ডাক বাংলোর একটি কক্ষ ভাড়া নিয়ে বসবাস করতেন। আজ সোমবার নির্ধারিত সময়ে অফিসে না যাওয়ায় তাকে একাধিকবার মোবাইল ফোনে কল দেন সহকর্মীরা। কক্ষের সামনে গিয়ে ডাকাডাকি করেও কোন সাঁড়া না পাওয়ায় বিষয়টি পুলিশকে জানান তারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে কক্ষের দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
বিআরটিএ চুয়াডাঙ্গা কার্যালয়ের সহকারি পরিচালক সৈয়দ আইনুল হুদা চৌধুরী জানান, গতকাল রোববার অফিস চলাকালীন সময় সাইফুল্লাহ বাহার জ্বরে আক্রান্ত হয়ে ছুটি নিয়ে বাসায় ফিরে যান।

চুয়াডাঙ্গা পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন বলেন, নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। তাতে ধারনা করা হচ্ছে স্টোক জনিত কারণে তার মৃত্যু হতে পারে। তবে ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারন উদঘাটন করা যাবে।























