WICE 2025 মালয়েশিয়ায় স্বর্ণপদক জিতলো বাংলাদেশ জাহিদ হাসান জিহাদ: ‘হেক্সাগার্ড রোভার’ বিশ্বমঞ্চে প্রশংসিত

দৈনিক পদ্মা সংবাদ নিজস্ব প্রতিবেদক,
বাংলাদেশের তরুণ উদ্ভাবক জাহিদ হাসান জিহাদ মালয়েশিয়ায় অনুষ্ঠিত World Invention Competition & Exhibition (WICE) 2025 প্রতিযোগিতায় স্বর্ণপদক অর্জন করেছেন। চুয়াডাঙ্গা সায়েন্স অ্যান্ড রোবোটিক্স ক্লাব (CSRC)-এর প্রতিষ্ঠাতা ও দলনেতা জিহাদ খুলনা বিভাগ থেকে প্রথম প্রতিনিধি হিসেবে অংশ নিয়ে এই গৌরব অর্জন করেন।

এক বছরের নিরলস পরিশ্রমের ফলশ্রুতিতে জিহাদ উদ্ভাবন করেন তাঁর অনন্য প্রকল্প HEXAGUARD ROVER—যা মাল্টি-পারপাস মিলিটারি গ্রেড সলিউশন হিসেবে স্বীকৃতি পেয়েছে। রোভারটির মূল লক্ষ্য হলো বিপজ্জনক পরিস্থিতিতে মানুষের জীবন ঝুঁকি কমানো এবং নিরাপত্তা নিশ্চিত করা।
রোভারটির বিশেষ বৈশিষ্ট্যগুলো হলো:
বোমা শনাক্তকরণ ও নিষ্ক্রিয়করণ
অগ্নি সনাক্তকরণ ও নির্বাপণ
বন্যপ্রাণী নিয়ন্ত্রণ ও উদ্ধার কার্যক্রম
সেন্সরের মাধ্যমে ডেটা সংগ্রহ ও বিশ্লেষণ
দূর থেকে নিয়ন্ত্রিত নিরাপত্তা কার্যক্রম
বিশ্বের ১৭টিরও বেশি দেশ থেকে আগত ১,৫০০ প্রতিযোগীর মধ্যে HEXAGUARD ROVER বিচারকদের বিশেষ দৃষ্টি আকর্ষণ করে। শেষ পর্যন্ত IT & Robotics Category-তে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি হিসেবে স্বর্ণপদক অর্জন করে বাংলাদেশ।
অর্জনের অনুভূতি জানাতে গিয়ে দলনেতা জাহিদ বলেন,এ অর্জন শুধু আমার নয়, এটি পুরো বাংলাদেশের। এক বছরের পরিশ্রম আজ স্বীকৃতি পেল। আমি চাই আগামী দিনে নতুন প্রজন্মও আমার মতো বাংলাদেশকে বিশ্বমঞ্চে তুলে ধরুক। ইনশাআল্লাহ, আমি সফল হলে তারাও সফল হবে—এটাই আমার স্বপ্ন।
দৈনিক পদ্মা সংবাদের সম্পাদক ও প্রকাশক মো: আব্দুর রহমান অনিক বলেন,তরুণ উদ্ভাবক জিহাদের এই সাফল্য বাংলাদেশের নতুন প্রজন্মকে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনে অগ্রসর হওয়ার এক অনন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।।






















