মহম্মদপুরে গোসল করতে গিয়ে তিন শিশুর মৃত্যু

এস. আর. এ. হান্নান, মহম্মদপুর (মাগুরা):
মাগুরার মহম্মদপুরে গোসল করতে গিয়ে একই সঙ্গে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১১ অক্টোবর) দুপুরে উপজেলার চাপাতলা গ্রামে এ হৃদয়বিদারক ঘটনাটি ঘটে।
নিহত তিন শিশু হলো চাপাতলা গ্রামের আনারুলের মেয়ে তারিন (৯), সাজ্জাদের মেয়ে সিনথিয়া (৮) এবং তরিকুলের মেয়ে তানহা (৯)।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুর আনুমানিক ২টার দিকে তিন শিশু একসঙ্গে বাড়ির পাশের খালে গোসল করতে যায়। গোসলের একপর্যায়ে তারা গভীর পানিতে তলিয়ে যায়। অনেকক্ষণেও তারা ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয়রা খালে নেমে একে একে তাদের উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. আসাদুর রহমান শিশু তিনজনকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর থেকে পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। পিতা-মাতা, স্বজন ও প্রতিবেশিদের আহাজারিতে ভারি হয়ে উঠেছে চাপাতলা গ্রামের আকাশ-বাতাস।
স্থানীয় ইউপি সদস্য ও জনপ্রতিনিধিরা নিহত শিশুদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন এবং প্রশাসনের পক্ষ থেকেও সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।





















