বঙ্গোপসাগরে ভারতীয় ট্রলারসহ ১৪ জেলে আটক

এমএম ফিরোজ, মোংলা প্রতিনিধি:
বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে মাছ ধরার অভিযোগে বঙ্গোপসাগর থেকে একটি ভারতীয় ফিশিং ট্রলার ও ১৪ জন ভারতীয় জেলেকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। আটককৃতদের শনিবার রাতে মোংলা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
মোংলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম জানান, শুক্রবার দিবাগত রাতে ফেয়ারওয়ে বয়া এলাকায় অভিযান চালিয়ে ‘এফবি শুভযাত্রা’ নামের ট্রলারটি আটক করা হয়। ট্রলারটিতে থাকা জেলেরা ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগণার কাকদ্বীপ এলাকার বাসিন্দা।
তিনি বলেন, ‘তারা বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে অবৈধভাবে মাছ ধরছিল। ট্রলারসহ প্রায় ৪৫০ কেজি বিভিন্ন প্রজাতির মাছ জব্দ করা হয়েছে।’
আটক জেলেদের বিরুদ্ধে মৎস্য সংক্রান্ত আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। রোববার তাদের আদালতে তোলা হতে পারে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
প্রসঙ্গত, চলতি বছরের জুলাই ও আগস্ট মাসেও একই এলাকায় বঙ্গোপসাগর থেকে তিনটি ভারতীয় ট্রলার আটক করা হয়েছিল বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে।






















